এই সময়, ভাঙড় ও বারাসত: গেরুয়া বসন পরিহিত 'রাম'-এর সঙ্গেই পদযাত্রায় সামিল হলেন ফেজটুপি পরিহিত 'রহিম'। কোনও রকম ধর্মীয় উত্তেজনা, অস্ত্রের ঝঙ্কার ছাড়াই রামনবমীর সুষ্ঠু মিছিল হলো ভাঙড়ে। বৃহস্পতিবার ভাঙড়-১ ব্লকে রামনবমী উপলক্ষে মিছিল বার করেন স্থানীয়রা। সেই মিছিলে হাসিমুখেই হাঁটতে দেখা যায় এলাকার হিন্দু, অহিন্দু সব সম্প্রদায়ের সাধারণ মানুষকে। ভাঙড়ের বোদরা বাসস্ট্যান্ড থেকে বোদরা রামকৃষ্ণ মিশন পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাঁটেন বোদরা তৃণমূলের অঞ্চল সভাপতি সাদেকুল দপ্তরী-সহ অন্যান্যরা।
বোদরা রামনবমী উৎসব কমিটি উদ্যোগে এ দিন কয়েক হাজার আদিবাসী, এসসি, এসটি সম্প্রদায়ের মানুষ শোভাযাত্রায় অংশ নেন। তবে কারও হাতে কোনও অস্ত্র ছিল না। মিছিলে রাস্তার মাঝে বিভিন্ন জায়গায় জলসত্রের আয়োজন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাঁরা মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ঠান্ডা শরবত তুলে দেন। মিছিল শেষে রামকৃষ্ণ মিশন মাঠে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের পাত পেড়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। মেনুতে ছিল ফ্রায়েড রাইস, আলুরদম, চাটনি, পাঁপড়, মিষ্টি। মিছিলে অংশগ্রহণকারীদের মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকেও ঠান্ডা পানীয়, গোলাপ ফুল, মিষ্টি দেওয়া হয়।
তবে এর উল্টো ছবি দেখা গেল বারাসতে। ডিজের তালে তালে বিজেপি কর্মীদের হাতে হাতে ঘুরল সোর্ড থেকে ধারালো দা। কেন্দ্রীয় বাহিনী ও বারাসত থানার পুলিশের সামনেই অস্ত্র মিছিল করেন বারাসতের বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায়। চমক হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এনে প্রচারে বাজিমাত করতে চেয়েছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব। কিন্তু শেষ পর্যন্ত শুভেন্দু না আসায় হতাশ হতে হয়েছে গেরুয়া বাহিনীকে। এ দিনের রামনবমীর মিছিলে বারাসত শহর কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। যানজটে দুর্ভোগে পড়তে হয় বাসিন্দাদের।
বিকেল চারটে থেকে বারাসতে রামনবমীর মিছিল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য মিছিল শুরু হয় সন্ধ্যায়। বারাসতের ময়না থেকে মিছিল ১২ নম্বর জাতীয় সড়ক ধরে কলোনি মোড়, ডাকবাংলো মোড় হয়ে পৌঁছয় চাঁপাডালি মোড়ে। মিছিলের জন্য শহরের গুরুত্বপূর্ণ অংশ মোতায়েন ছিলেন পুলিশের কর্তা ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মিছিল থেকেই বিজেপি কর্মীদের হাতে হাতে ঘুরতে দেখা যায় আগ্নেয়াস্ত্র।
অন্যদিকে, তৃণমূলের গড় দেগঙ্গায় দুর্যোগ উপেক্ষা করে কয়েক হাজার কর্মী সমর্থককে নিয়ে সোহাই ইটভাটা সংলগ্ন এলাকা থেকে এক কিলোমিটার রাস্তা র্যালি করে তৃণমূল। হুডখোলা গাড়িতে প্রার্থী আনিসুর রহমান বিদেশের সঙ্গে র্যালিতে অংশ নেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।