ভারতীয় ক্রিকেটে নতুন এক বিস্ময়ের নাম বৈভব সূর্যবংশী। ২৭ মার্চ থেকে তার বয়স হলো ১৫ বছর। অথচ ইতিমধ্যেই সে নজর কেড়েছে। ভারতীয় দলে সুযোগ পাওয়ার অন্যতম প্রধান দাবীদার হয়ে উঠেছে। তার প্রতিভার সঙ্গে তুলনা টানা হচ্ছে ফুটবলের তরুণ তারকা লামিনে ইয়ামালের। ২০২৬ সালের IPL-এর আগেই তিনি হয়ে উঠেছে ‘জেনারেশনাল ট্যালেন্ট’।
মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে সিনিয়র ক্রিকেটে অভিষেক করেই নজর কাড়ে বৈভব সূর্যবংশী। প্রথম বলেই বড় শট খেলে সবাইকে চমকে দেয় সে। সেই মুহূর্ত যেন থমকে দিয়েছিল পুরো ক্রিকেট বিশ্বকে। গত মরশুমে IPL-এ সে ঝড় তোলে। ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে গড়ে রেকর্ড। ৭ ম্যাচে তার সংগ্রহ ছিল ২৫২ রান, স্ট্রাইক রেট ২০৬.৫৬।
সেই ঘোর কাটতে না কাটেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফের অবিশ্বাস্য পারফরম্যান্স করে সে। বিশ্বকাপে সে করে মোট ৪৩৯ রান, গড় ৬২.৭১ এবং স্ট্রাইক রেট ১৬৯.৫০। নিজের থেকে প্রায় ৪-৫ বছর বড় ক্রিকেটারদের বিপক্ষে এই পারফরম্যান্স তাকে আলাদা জায়গায় করে দিয়েছে।
১৫ বছরে পা দেওয়ার পর এখন সে আন্তর্জাতিক ক্রিকেট খেলার যোগ্য। ICC-র নিয়ম অনুযায়ী, ১৫ বছর পূর্ণ হলেই জাতীয় দলে খেলার সুযোগ পাওয়া যায়। ফলে প্রশ্ন উঠছে— এ বার কি খুব শীঘ্রই ভারতের জার্সিতে দেখা যাবে বৈভবকে?
যদিও তার প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই, তবুও নির্বাচকরা তাড়াহুড়ো করতে চান না। ভারতীয় দলে এখন প্রচুর প্রতিযোগিতা, বিশেষ করে টপ অর্ডারে। তাই ধীরে ধীরে বৈভবকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাই ভাবছে বোর্ড।
শুধু T20 নয়, রঞ্জি ট্রফি ও বিজয় হাজারেতেও ভালো পারফরম্যান্স করেছে বৈভব সূর্যবংশী। ফলে সে শুধু সীমিত ওভারের নয়, সব ফরম্যাটেই নিজেকে প্রমাণ করেছে। প্রসঙ্গত, এই বছর এশিয়ান গেমস হতে পারে বৈভবের জন্য বড় মঞ্চ। সেখানে ভালো পারফরম্যান্স করলে জাতীয় দলে জায়গা পাওয়ার দরজা আরও খুলে যেতে পারে।