রাজ্য সরকারের একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম জনপ্রিয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’। নির্বাচনী প্রচারে তৃণমূল নেতৃত্বের ভাষণের তালিকায় প্রথমেই থাকছে এই প্রকল্পে সুবিধাভোগীদের কথা। সম্প্রতি এই প্রকল্পের উপভোক্তাদের জন্য আর্থিক সাহায্য বাড়িয়েছে সরকার। সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১,৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির মহিলারা ১,৭০০ টাকা করে পাবেন। তৃণমূল সরকার থাকলে আগামী পাঁচ বছরে একজন মহিলার অ্যাকাউন্টে মোট ৯০ হাজার টাকা এবং সংরক্ষিত মহিলারা পাবেন ১ লক্ষ ২ হাজার টাকা পাবেন। শুক্রবার আদিবাসী অধ্যুষিত বিনপুরে জনসাধারণের কাছে সেই হিসেব তুলে ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এ দিনের সভা থেকে অভিষেক বলেন, ‘এ বারের লড়াইটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, আপনার অধিকারকে সামনে রেখে আগামী দিন এই উন্নয়ন পান, সেটা বাধাপ্রাপ্ত না হয়, এই লড়াই সেই লড়াই।’ এর পরেই রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে অভিষেক বলেন, ‘আপনারা এক টাকা-দু’টাকা নয়, সংরক্ষিত আদিবাসী মহিলারা পাঁচ বছরে ১ লক্ষ ২ হাজার টাকা পাবেন।’