আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতির পর শুক্র। ভবানীপুরের পর নন্দীগ্রাম। শুক্রবার নন্দীগ্রামে রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ টেংগুয়া মোড় থেকে জানকিনাথ মন্দির পর্যন্ত দু-কিলোমিটার পথে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। প্রায় আট হাজার হিন্দু ধর্মাবলম্বী মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন। প্রসাদ গ্রহণ করেন কুড়ি হাজার মানুষ।
শোভাযাত্রার পথে সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশের যুবকরা শুভেন্দু অধিকারীকে ঘিরে ধরে পুষ্পস্তবক, জল, বাতাসা, তরমুজ ফল ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানান। যা ঘিরে জেলার রাজনৈতিক মহলে কৌতুহল তৈরি হয়েছে।
শুভেন্দু অধিকারী বলেন, “এঁরা রাষ্ট্রবাদী মুসলিম, এঁদের সঙ্গে কারোর কোনও বিরোধ নেই। প্রকৃত হিন্দুরা যেমন নিজেদের ধর্মে বিশ্বাসী, তেমনি অন্য ধর্মকেও সম্মান করে। একইভাবে মুসলিম ভাইয়েরা তাঁদের ধর্ম পালন করেন এবং অন্য ধর্মকেও শ্রদ্ধা করেন। আমরাও তাঁদের ধর্মীয় অনুষ্ঠানে যাব।”
তিনি আরও দাবি করেন, উপস্থিত মুসলিমদের অনেকেই শিক্ষিত এবং কর্মসংস্থানের দাবিতে বিজেপির প্রতি সমর্থন জানিয়েছেন।
পরিশেষে জানকিনাথ মন্দিরে পৌঁছে রামচন্দ্রের পুজো দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “নন্দীগ্রামে এত বড় ও বর্ণাঢ্য র্যালি আগে হয়নি। অতীতে ধর্মীয় পতাকা ভাঙচুরের মতো ঘটনা ঘটলেও এবার কেউ সাহস পায়নি।” এদিন নন্দীগ্রামে তৃণমূল ছেড়ে বেশ কয়েকটি পরিবার বিজেপিতে যোগ দেন।
এই শোভাযাত্রা ঘিরে নন্দীগ্রামের রাজনৈতিক পরিবেশ নিয়ে লোকে আরও কৌতুহলী হয়ে উঠেছে।