• ভোটের আগেই বড় চমক বিজেপির, পদ্ম শিবিরে যোগ দিলেন দুই প্রধানে খেলা গোলকিপার 
    আজকাল | ২৭ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। মোহন, ইস্টে দাপিয়ে খেলা এই গোলকিপার শুক্রবার যোগ দিলেন বিজেপিতে। 

    রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন। 

    প্রসঙ্গত, আই লিগ ছাড়াও আইএসএলেও দাপিয়ে একটা সময় খেলেছেন অরিন্দম। আইএসএলের দল এটিকে, মুম্বই, নর্থ ইস্ট, পুনে সিটি, ইস্টবেঙ্গল দলের হয়ে খেলেছেন। গত বছর ইন্টার কাশি দলের হয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছেন। এরপরই তিনি ফুটবল থেকে অবসর নেন।

    প্রসঙ্গত, দীর্ঘদিন কলকাতা ময়দানে দাপিয়ে খেলেছেন অরিন্দম। একটা সময় অন্যতম সেরা গোলকিপার বলা হত তাঁকে। সেই অরিন্দম ফুটবল ছাড়ার পর এলেন রাজনীতিতে। ভোটের আগেই যোগ দিলেন বিজেপিতে। এখন দেখার বিধানসভা ভোটে অরিন্দমকে প্রার্থী ঘোষণা করে কিনা রাজ্য বিজেপি। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ‘‌ পরিবর্তনের সাক্ষী হতে অরিন্দম ভট্টাচার্য বিজেপিতে যোগ দিলেন।’‌ 

    তবে এটা ঘটনা, অরিন্দম বিজেপিতে যোগ দিলেও ভোটের প্রার্থী নিয়ে বিজেপি কর্মীদের ক্ষোভ অব্যাহত। জেলা জেলা জুড়ে চলছে এই বিক্ষোভ। এমনকী প্রার্থী বদলের দাবি জানিয়ে সল্টলেকে বিজেপি দপ্তরেও বিক্ষোভ হয়েছে। এবার চন্দননগরে বিক্ষোভ বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহকে নিয়ে। প্রার্থীর নাম জানা মাত্রই চন্দননগর জ্যোতির মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মীরা। জানা গিয়েছে, দীপাঞ্জন বাবু প্রার্থী হলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করার পরিকল্পনা আগে থেকেই ছিল একদল দলীয় কর্মীদের। কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন থাকায় রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়েই বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা। 

    বিজেপি কর্মীদের অভিযোগ, গত বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর আর দীপাঞ্জন গুহকে চন্দননগরের আশেপাশেও কখনও দেখা যায়নি। বিজেপি কর্মীদের বিপদে আপদে কখনওই তাঁকে পাশে পাওয়া যায়নি। প্রার্থী পরিযায়ী পাখি। শুধুমাত্র ভোটের সময় আসেন। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের বক্তব্য চন্দননগর দীপাঞ্জনকে চায় না। 

  • Link to this news (আজকাল)