• ‘আমাকে নিরাপদে রাখার চেষ্টা করেছিল পাইলট’, মাঝ আকাশে বিমানে কেমন ছিলেন? জানালেন মমতা
    আজ তক | ২৭ মার্চ ২০২৬
  • বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে এবং বীরভূমের দুবরাজপুরে প্রচার সেরে কলকাতায় ফেরার সময়ে বিপত্তি বাধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানযাত্রার সময়ে। প্রবল ঝড়বৃষ্টির জেরে তাঁর বিমান নির্ধারিত সময়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো সম্ভব হচ্ছিল না। যার জেরে ঘণ্টাখানেক ধরে তাঁর বিমান চক্কর কাটতে থাকে মাঝ আকাশেই। ৭০ মিনিট পর, দুর্যোগ কমায় অবতরণ করে মমতার বিমান। ঠিক কী ঘটেছিল? কতটা উদ্বেগজনক ছিল সেই ৭০ মিনিট। এই নিয়ে শুক্রবার অবিজ্ঞতা ব্যক্ত করলেন তৃণমূল নেত্রী। 

    এদিন ফের কলকাতা বিমানবন্দর থেকে চার্টার্ড ফ্লাইটে অন্ডালে যান মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'এয়ারক্র্যাফ্টের পাইলট অত্যন্ত ভাল ছিল। আমার নিরাপত্তা এবং সুরক্ষার জন্য সবরকম চেষ্টা করছিলেন উনি।' তবে এর বেশি কিছু বলতে চাননি মমতা। 

    বৃহস্পতিবার ৩টে ৩৯ মিনিট নাগাদ অন্ডাল থেকে বিমানে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টের মধ্যেই কলকাতা বিমানবন্দরে তাঁর পৌঁছনোর কথা ছিল। কিন্তু সে সময়েই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। ফলে ঝুঁকি নিয়ে বিমান অবতরণ করতে রাজি হননি পাইলট। আকাশেই দীর্ঘক্ষণ চক্কর কাটতে থাকে সেটি। মমতার সঙ্গে বিমানে তাঁর নিরাপত্তারক্ষীরাও ছিলেন। একাধিকবার চেষ্টা করেও অবতরণ করানো সম্ভব হয়নি। বেহালা ফ্লাইং ক্লাবে ৩ বার চেষ্টা করেও ল্যান্ডিং করা সম্ভব হয়নি। একটা সময়ে ছোট বিমানটির জ্বালানি শেষ হয়ে যাওয়ারও আশঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সমস্ত বিপত্তি এড়ানো সম্ভব হয়। অবশেষে বিকেল ৫টা ১৯ মিনিট নাগাদ মমতার বিমান কলকাতা বিমানবন্দরেই অবতরণ করে।

    বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী সোজা বাড়ি ফিরে যান। গাড়ি থেকেই সামান্য হাত নাড়তে দেখা গিয়েছিল তাঁকে। ফলে সকলেই উদগ্রীব ছিলেন তাঁর শারীরিক অবস্থা এবং মাঝ আকাশে বিপত্তির ভয়াবহ অভিজ্ঞতা জানতে। শুক্রবার সেই নিয়ে মুখ খোলেন তিনি। মমতা জানান, দক্ষ পাইলট নিরাপদে তাঁকে কলকাতায় ফিরিয়ে আনেন। 

     
  • Link to this news (আজ তক)