• দুই বুথে ৩৯৭ জনের নাম বাদ, প্রতিবাদ বসিরহাটে, বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, ‘এলাকায় বুথ করতে দেওয়া হবে না’
    এই সময় | ২৭ মার্চ ২০২৬
  • পাশাপাশি দু’টি বুথ। একটি বুথ থেকে ১৪২ জন, পাশের বুথ থেকে ২৫৫ জনের নাম বাদ ভোটার তালিকা থেকে। নথি যাচাইয়ের পরেও ‘সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট’-এ নাম ওঠেনি মোট ৩৯৭ জনের। শুক্রবার প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ বসিরহাটের দুই বুথের বাসিন্দাদের।

    বসিরহাট উত্তর বিধানসভা এলাকার দুই নম্বর ব্লকের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের বুনোরাটি এলাকার ২ নম্বর বুথ ও পার্শ্ববর্তী বড়গোবরা এলাকার ৩ নম্বর বুথের ৩৯৭ জনের নাম ‘আন্ডার অ্যাজুডিকেশন’ ছিল। গত মঙ্গলবার রাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পরে প্রত্যেকেই দেখেন, তাঁদের নাম বাদ গিয়েছে।

    বিক্ষোভকারীদের দাবি, বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে বেছে বেছে এলাকার বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে। অবিলম্বে তাঁদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হোক বলে জানানো হয়। তাঁদের নাম তালিকায় না তোলা হলে স্থানীয় স্কুলে ভোটের বুথ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এক বিক্ষোভকারী বলেন, ‘যে নথি চাওয়া হয়েছিল, সেটা জমা দিয়েছিলাম। এর পরেও নাম বাদ গিয়েছে। এরকম করলে আমাদের এলাকায় ভোটের বুথ করতে দেওয়া হবে না। ভোটার নেই, বুথ করে কী হবে?’

    বিষয়টি নিয়ে এলাকার বিএলও জানান, দু’নম্বর বুথের মোট ভোটার সংখ্যা ৯১০ জন। ভোটারের মধ্যে ২১২ জন বিচারাধীন ছিলেন। তাঁদের মধ্যে থেকে ১৪২ জনের নাম বাদ গিয়েছে। তিনি বলেন, ‘এখন ১৪২ জনকে ট্রাইব্যুনালে যেতে হব। আমি চাই সকলের নাম ভোটার তালিকায় উঠুক।’

    অন্য দিকে, বসিরহাট উত্তর বিধানসভায় ৫ নম্বর বুথে ৩৪০ জনের নাম ছিল বিবেচনাধীন তালিকায়। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর দেখা যায়, ওই বুথের ১০০ শতাংশেরই নাম বাদ গিয়েছে। এমনকী ওই বুথের যিনি BLO ছিলেন, তাঁর নামও ডিলিটেড লিস্ট চলে গিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

  • Link to this news (এই সময়)