• ভোট মিটলেই গ্যাসের দাম ২ হাজার টাকা করবে ওরা, বিনপুরের সভায় বিজেপিকে তোপ অভিষেকের
    বর্তমান | ২৭ মার্চ ২০২৬
  • রাহুল চক্রবর্তী, বিনপুর: আজ, শুক্রবার আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রামের বিনপুরে জনসভায় বক্তব্য রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা হাঁসদার প্রচারে সভা করেন তিনি। এদিন বিনপুরের প্রগতি সংঘ হাইস্কুলের মাঠে সভা করেন। অভিষেক দাবি করেন, নির্বাচনে ভূমিকন্যা তথা তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদার জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। এদিন সভামঞ্চ থেকেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে একগুচ্ছ তোপ দাগেন তিনি। বলেন, ভোট এলেই বিজেপি বাংলার ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে। ওরা ক্ষমতায় এলে সাধারণ মানুষ ক্ষমতা হারিয়ে ফেলবেন। বিনপুরে যিনি বিজেপি প্রার্থী তাঁর বাড়ি হাওড়ায়। তাঁর সঙ্গে বিনপুরের কোনও যোগই নেই! দলের লোকেরাই তাঁর বিরুদ্ধে। এরপরই বিজেপিকে নিশানা করে তিনি বলেন, বাংলায় নির্বাচন রয়েছে বলেই কেন্দ্রীয় সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে না। ভোট মিটলেই গ্যাসের দাম ২ হাজার টাকা আর পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে মোদি সরকার। সভামঞ্চ থেকে এমনই দাবি করেন তিনি। শেষে বলেন, এবার ভোটের লাইনে দাঁড়িয়ে ইভিএম-এ ওদের যোগ্য জবাব দেবে সাধারণ মানুষ। 

    পাশাপাশি এদিন তিনি তুলে ধরেন রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, স্বাস্থ্যসাথী, বিনামূল্যে রেশন, বাংলার বাড়ির মতো একধিক জনকল্যাণমূলক প্রকল্পের কথাও। বলেন, আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার কেউ বন্ধ করতে পারবে না। বিজেপি শুধু প্রতিশ্রুতি দেয়। ওরা কাজ কিছুই করে না। গ্রামের দিকে এলে বোঝা যায় কারা সাধারণ মানুষের জন্য উন্নয়ন করেছে আর কারা বিভেদ সৃষ্টি করেছে। আমরা প্রয়োজনের সময় মানুষের পাশে থাকি, আর ওরা ধর্মের সুড়সুড়ি দেয়। ১০০ দিনের টাকা, আবাস যোজনার টাকা বিজেপি আটকে রেখেছে। ক্ষোভ প্রকাশ করে বলেন গরীব মানুষের টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তৃণমূল রাজ্যে ক্ষমতায় থাকলে উন্নয়নের ঢেউ বজায় থাকবে সভায় এই বার্তাও দেন তিনি। 
  • Link to this news (বর্তমান)