• বাংলায় আল কায়দার মডিউল তৈরির চেষ্টা! বাঁকুড়া থেকে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য
    এই সময় | ২৮ মার্চ ২০২৬
  • জঙ্গি সন্দেহে ধৃত বাঁকুড়ার যুবককে (Suspected of Being a Terrorist) ট্রানজিট রিমান্ডে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) নিয়ে গেল পুলিশ। ধৃতের নাম মীর আসিফ আলি (২০)। তাঁর বিরুদ্ধে ISIS ও আল কায়দার (Al Qaeda) সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। গত বুধবার বাঁকুড়ার (Bankura) খাতড়া থানার খড়বন মোড় এলাকার মীরের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে মীরের জঙ্গি যোগের অভিযোগ অস্বীকার করেছে তাঁর পরিবার।

    চলতি মাসের শুরুতে তেলেঙ্গানা থেকে তিন জঙ্গিকে গ্রেপ্তার করেছিল অন্ধ্রপ্রদেশ পুলিশ। তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই মীরের নাম সামনে আসে বলে দাবি। একে সিরিজের রাইফেল হাতে মীরের একটি ছবিও পায় পুলিশ। এর পরেই বাঁকুড়া জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে অন্ধ্র পুলিশের একটি দল। বুধবার রাতে খাতড়ার বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয় তাঁকে। পুলিশের অভিযোগ, বাংলায় ISIS ও আল কায়দার মডিউল তৈরির চেষ্টা করছিলেন মীর।

    বৃহস্পতিবার মীরকে খাতড়া মহকুমা আদালতে তোলা হয়। সেখানেই বিচারক তাঁকে ট্রানজিট রিমান্ডে অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয়ার অনুমতি দেন। ধৃতের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপ-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে মীরের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তাঁর পরিবার। তাঁদের দাবি, মীর সম্পূর্ণ নির্দোষ। ছেলের গ্রেপ্তারের খবরে ভেঙে পড়েছেন তাঁর মা-ও।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, আসিফ উচ্চমাধ্যমিক পাশ করার পরে ব্যাবসা করতেন। কিন্তু ভরাডুবি হয়। পরে কাজের সন্ধানে আত্মীয়দের সঙ্গে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও বিশেষ সুবিধা করতে পারেননি। কিছুদিন ফিরে এসেছিলেন বাঁকুড়ার বাড়িতে। তার পরেই পুলিশ তাঁকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। ছেলের মুক্তির দাবি জানিয়েছেন মীরের বাবা এবং জেঠু। ইতিমধ্যেই তাঁরা রওনা দিয়েছেন অন্ধ্রপ্রদেশে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

  • Link to this news (এই সময়)