• বিমানে বা কপ্টারে VIP থাকলে মানতেই হবে এই নিয়ম, নয়তো...কড়া নির্দেশ দিল DGCA
    এই সময় | ২৮ মার্চ ২০২৬
  • যদি বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি যাত্রী থাকেন, তাহলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে সিদ্ধান্ত নিতে পারেন পাইলট? ঠিক এই প্রশ্নেরই উত্তর দিল দেশের বিমান পরিবহণের নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। বিজ্ঞপ্তি নিয়ে সাফ জানিয়ে দেওয়া হলো বিমানে বা কপ্টারে ভিআইপি থাকলে, কোনও ভাবেই তাঁর কিংবা তাঁর পারিষদের চাপের মুখে নিয়ম লঙ্ঘন করতে পারবেন না বিমান বা হেলিকপ্টারের পাইলট। শুক্রবার সন্ধ্যায় এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

    কোনও পরিস্থিতিতে ভিআইপি বিমান বা হেলিকপ্টারের পাইলটদের উড়ান দিতে বা কোনও জায়গায় ল্যান্ড করতে বাধ্য করা যাবে না। প্রতিটি ফ্লাইটের আগে গন্তব্যে যাওয়ার আকাশ–পথের আবহাওয়া কেমন, তা বাধ্যতামূলক ভাবে জানতে হবে পাইলটদের। জানাতে হবে ভিআইপি–কেও।

    শুক্রবার এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবারেই দুর্গাপুরের অন্ডাল থেকে ভাড়া করা বেসরকারি বিমানে কলকাতায় আসার সময়ে ভয়ানক দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমান পরিবহণের বিশেষজ্ঞদের কথায়, টেক–অফ করার আগে কলকাতার পথে আবহাওয়া কেমন ছিল, তা জেনে নেওয়ার কথা ছিল পাইলটের। তিনি বিকেল চারটে নাগাদ কলকাতার আকাশে চলে আসার পরে দেখা যায় ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়েছে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে।

    বিমানবন্দরের অফিসারদের কথায়, ‘হতে পারে আচমকা আবহাওয়া খারাপ হয়ে যায়। সে ক্ষেত্রে অবশ্য পাইলটের আগে থেকে জানার উপায় থাকে না।’ প্রায় সওয়া এক ঘণ্টা আকাশে চক্কর কাটার পরে মুখ্যমন্ত্রীকে নিয়ে সেই ফ্যালকন ২০০০ বিমান কলকাতায় নামে। ওই ঘটনা নিয়ে শুক্রবার পর্যন্ত কোথাও কোনও অভিযোগ জমা পড়েনি। ফলে, তা নিয়ে তদন্তও শুরু হয়নি। তার পরের দিনই ডিজিসিএ–এর এই বিজ্ঞপ্তি। যদিও এই নির্দেশিকার সঙ্গে মমতার বিমানের ঘটনার কোনও যোগসূত্র খুঁজে পাচ্ছেন না কেন্দ্রীয় বিমান মন্ত্রকের কর্তারা। তাঁরা বিষয়টিকে নিছক কাকতালীয় বলে জানাচ্ছেন। তাঁদের দাবি, গত জানুয়ারিতে মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় সেখানকার উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতেই এই নির্দেশিকা। যেখানে বার বার উঠে এসেছে বিরূপ আবহাওয়াতেও খানিকটা জোর করে করে পাইলটদের ফ্লাই করতে বাধ্য করার প্রসঙ্গ।

    নির্দেশিকায় বলা হয়েছে, সামনেই পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন। এখন বহু ভিআইপি প্রচার, মিটিং–মিছিলের কারণে নিয়মিত ছোট বিমান বা হেলিকপ্টারে যাতায়াত করবেন। কোথাও সংশ্লিষ্ট রাজ্য সরকারের নিজস্ব, কোথাও ভাড়া করা বিমান বা হেলিকপ্টার থাকবে। শুক্রবার ডিজিসিএ–র বিজ্ঞপ্তিতে পরিষ্কার অভিযোগ করা হয়েছে, ভিআইপি বিমান বা হেলিকপ্টার নিয়ে মাঝেমধ্যেই নিয়ম ভাঙার খবর আসছে।

  • Link to this news (এই সময়)