শাসক দলের হয়ে দেওয়াল লিখনের অভিযোগ উঠল এক ভিলেজ পুলিশের বিরুদ্ধে। বোলপুরের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্রনাথ সিংহের সমর্থনে দেওয়াল লিখছিলেন ওই ভিলেজ পুলিশ বলে অভিযোগ। তারই খেসারত দিতে হল ওই ভিলেজ পুলিশকে। বিষয়টি জানার পরেই পদক্ষেপ করেছে বীরভূম জেলার পুলিশ (Birbhum district police)। সাময়িক বরখাস্ত করা হয়েছে তাঁকে।
জানা গিয়েছে, অভিযুক্ত ওই ভিলেজ পুলিশের (Village Police) নাম বিশ্বজিৎ পাত্র। বোলপুর থানায় কর্মরত ছিলেন তিনি। তাঁকেই দেখা যায় তৃণমূলের বোলপুর (Bolpur) বিধানসভার প্রার্থী চন্দ্রনাথ সিংহের হয়ে দেওয়াল লিখন করতে। বোলপুরের মুলুক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন এলাকায় রং তুলি নিয়ে দেওয়াল লিখন করছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রতীক আঁকছিলেন তিনি বলে অভিযোগ। সেই ছবিই ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।
এর পরেই বীরভূম (Birbhum) জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব বোলপুর থানার এই ভিলেজ পুলিশকে সাময়িক বরখাস্ত করেন। বিষয়টি জানার পরেই দ্রুত পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিধানসভা নির্বাচন চলাকালীন পুলিশের কোনও কাজ করতে পারবেন না বিশ্বজিৎ পাত্র ।
অবশ্য এই নিয়ে কটাক্ষ করেছেন বোলপুরের বিজেপি (BJP) প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, সিভিক ভলান্টিয়ারদের মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ করেছেন দলের ক্যাডার হিসাবেই ৷ এদের কাজ বিরোধীরা কি করছে, সেই সব খবর পুলিশকে ও তৃণমূল কংগ্রেসের নেতাদের দেওয়া ৷ তাই এরা তৃণমূলের হয়ে দেওয়াল লিখবে, এটাই স্বাভাবিক।’ এরই সঙ্গে তাঁর দাবি, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, সিভিক ভলান্টিয়ারদের ভবিষ্যৎ সুরক্ষিত নয় ৷ তবে, বিজেপি ক্ষমতা এলে তাঁদের চাকরি সুক্ষিত হবে এবং তাঁরা নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
যদিও তাঁর হয়ে কোনও ভিলেজ পুলিশ দেওয়াল লিখছেন বলে জানা নেই বলেই জানিয়েছেন বোলপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এর আগেই সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। দাদাগিরি দেখানোর পাশাপাশি শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এই নিয়েও সরর হয়েছে বিরোধী দলের নেতারা এবং সাধারণ মানুষ।