• শুধু বাংলায় ‘লজিক্যাল ডিস্ক্রিপেন্সি’ কেন? BJP-কে পাল্টা অভিষেকের
    এই সময় | ২৮ মার্চ ২০২৬
  • SIR প্রক্রিয়ায় বাংলায় কেন ‘লজিক্যাল ডিস্ক্রিপেন্সি’র মতো বিষয় রয়েছে, তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তৃণমূল। এ বার সেই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের খোঁচার জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    SIR প্রক্রিয়া নিয়ে বারবার সমালোচনা করছে তৃণমূল। সেই আবহে বিজেপির তরফে X হ্যান্ডলে পোস্ট করে পশ্চিমবঙ্গ সরকারকে নিশানা করা হয়েছিল। অমিত শাহের বক্তব্য পোস্ট করে ওই হ্যান্ডলে দাবি করা হয়েছিল, তামিলনাড়ু, কেরালা ও পশ্চিমবঙ্গে বিজেপি-বিরোধী সরকার রয়েছে। অমিত শাহের দাবি, তামিলনাড়ু ও কেরালা থেকে SIR নিয়ে কোনও অভিযোগ আসছে না। ২৭ মার্চ, বিজেপির X হ্যান্ডল থেকে অমিত শাহের বক্তব্যের ওই পোস্টে লেখা হয়েছিল, ‘যদি নির্বাচন কমিশন প্রভাবিত হয়ে থাকে, তাহলে ওই দুই রাজ্য থেকে কোনও অভিযোগ শোনা যাচ্ছে না কেন?’ আরও দাবি, ‘যেহেতু একটা রাজ্য থেকে অভিযোগ আসছে, তাই সেখানেই সমস্যা রয়েছে। ওরা জানে ওরা হারছে, তাই কারণ খুঁজে রাখছে।’

    এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘প্রশ্ন করা উচিত কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ‘লজিক্যাল ডিস্ক্রিপেন্সি’র নাম করে ১.২ কোটি মানুষের নাম রাখা হয়েছে। তিনি আরও লিখেছেন, লজিক্যাল ডিস্ক্রিপেন্সি অন্য কোনও রাজ্যে নেই। বেছে বেছে এই পদক্ষেপ এটাই স্পষ্ট করে যে এর পিছনে রাজনৈতিক ভাবনা রয়েছে।’

    এর আগেও বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় SIR-প্রক্রিয়ায় বাংলার নাগরিকদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। বাংলায় ‘লজিক্যাল ডিস্ক্রিপেন্সি’, ভোটার তালিকায় নাম বাদ থেকে শুরু করে একাধিক বিষয়ে তোপ দেগেছে তৃণমূল। দেশের শীর্ষ আদালতে SIR সংক্রান্ত মামলা নিয়ে সওয়াল করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিধানসভা নির্বাচনের প্রচারের অন্যতম হাতিয়ারও এখন SIR দুর্ভোগ।

  • Link to this news (এই সময়)