এই সময়: আজ, শনিবার এবং কাল রবিবার — পরপর দু’দিন ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তরের তরফে কয়েকটি জেলায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে।
দিনের শেষ বজ্রবিদ্যুৎ–সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও। তবে তার মধ্যেই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেল ৪০ ডিগ্রি সেলসিয়াসের দরজায়। শুক্রবার কলাইকুণ্ডায় দিনের তাপমাত্রা ছিল ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সামান্য পিছনে থাকল ঝাড়গ্রাম (৩৮.৪)। আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী এ দিন রাজ্যের অন্তত ১১টি জায়গার সর্বোচ্চ তাপমাত্রা হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে অথবা পার করেছে।
দীর্ঘ আলস্য কাটিয়ে দিনের যখন তাপমাত্রা গা–ঝাড়া দিয়ে উঠে বসেছে, ঠিক সেই সময়েই নতুন করে ঝড়বৃষ্টির আবহ দেখা দিয়েছে রাজ্যে। হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একই সঙ্গে বিহারের পশ্চিম প্রান্ত থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং সংলগ্ন এলাকার জন্য কালবৈশাখীর কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির এমন আবহ জারি থাকবে রবিবার পর্যন্ত। আজ, শনিবার হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বাতাসের বেগ পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত। আগামিকাল, রবিবার মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই ২৪ পরগনায় ঝড়বৃষ্টির আবহ বজায় থাকার সম্ভাবনা খুব বেশি।