• প্রার্থী হলেও কেন পুর-পরামর্শদাতা, যোগ্যতার মাপকাঠিতেই পদে নিয়োগ, জবাব বিদ্যুতের
    এই সময় | ২৮ মার্চ ২০২৬
  • এই সময়, বালুরঘাট: নির্বাচনের মুখে বালুরঘাটে বিজেপি প্রার্থী বিদ্যুৎকুমার রায়কে নিয়ে নতুন করে বির্তক তৈরি হয়েছে। বিজেপি প্রার্থী হলেও দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার আইনি পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। এমনকী, প্রার্থী হলেও এখনও সেই পদে আসীন রয়েছেন। যা নিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল।

    জানা গিয়েছে, নব্বইয়ের দশক থেকে বিজেপি প্রার্থী তথা আইনজীবী বিদ্যুৎ বালুরঘাট পুরসভার আইনি পরামর্শদাতা হিসেবে নিযুক্ত রয়েছেন। প্রথমে বাম আমল পরবর্তীতে তৃণমূল আমলেও তিনি একই পদে রয়েছেন। তৃণমূলের দাবি, বিদ্যুৎ অতীতে বামফ্রন্ট ও পরবর্তীতে তৃণমূল উভয় আমলেই পুরসভা থেকে আর্থিক সুবিধা নিয়েছেন এবং নিচ্ছেন। পাশাপাশি নিজেকে বালুরঘাট ল কলেজের প্রতিষ্ঠাতা সম্পাদক বলে মিথ্যা দাবি করছেন। এই সব ইস্যুকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছে শাসকদল। এ বিষয়ে বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ বলেন, 'বিদ্যুৎ রায় একসময়ে বামফ্রন্টের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে তৃণমূলের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা ছিল। পুরসভার আইনি পরামর্শদাতা হিসেবে তিনি রয়েছেন বলে শুনেছি। তিনি নিজেকে ল কলেজের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দাবি করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা কথা। মিথ্যার ভর করে ভোট বৈতরণি পার হওয়ার চেষ্টা করছেন। বালুরঘাটের মানুষই এর বিচার করবে।'

    যদিও তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি প্রার্থী বলেন, 'আমি আমার যোগ্যতার কারণেই এই কাজ পেয়েছি। এটা কোনও রাজনৈতিক দলের পদ নয়। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। বহু ক্ষেত্রেই আমি বিনামূল্যে কাজ করেছি। এখনও আমার অনেক বিল বাকি রয়েছে।' ল কলেজ প্রসঙ্গে তাঁর সাফাই, 'আমি কখনওই নিজেকে প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দাবি করিনি। তবে প্রতিষ্ঠাতার সময় থেকেই আমি ল কলেজের সঙ্গে যুক্ত রয়েছি।' বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন, 'বিদ্যুৎ রায় দীর্ঘদিন পুরসভার আইনি পরামর্শদাতা হিসেবে কাজ করলেও প্রার্থী হওয়ার পর থেকে তাঁর কাছ থেকে আর কোনও পরামর্শ নেওয়া হচ্ছে না।'

  • Link to this news (এই সময়)