• Breaking News Live: কলকাতায় ফের সক্রিয় ED, বালিগঞ্জে চলছে তল্লাশি
    এই সময় | ২৮ মার্চ ২০২৬
  • কংগ্রেসের প্রবীণ নেত্রী ও রাজ্যসভার সাংসদ সনিয়া গান্ধীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতাল কর্তৃপক্ষ। সনিয়াকে দু-এক দিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে হাসপাতালের তরফ থেকে। শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে কংগ্রেস নেত্রীকে গত মঙ্গলবার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হাসপাতালের চেয়ারম্যান ডক্টর অজয় স্বরূপ জানিয়েছেন, সনিয়া আগের চেয়ে ভালো রয়েছেন। তিনি হাঁটাচলা করছেন। খাবারও খাচ্ছেন।

    এখনও পর্যন্ত প্রায় ২২ লক্ষ বিচারাধীন ভোটারদের নাম ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। গত সোমবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকাতে ১০ লক্ষ মানুষের নাম ছিল। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে শুক্রবার রাতে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সেখানে প্রায় ১২ লক্ষ ভোটারের নাম রয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত ২২ লক্ষের মতো সাইটে ভোটারদের নাম আপলোড হয়েছে। কমিশন সূত্রে খবর, এর মধ্যে প্রায় ৩৪ শতাংশ মানুষের নাম বাতিলের তালিকায়। এখনও পর্যন্ত ৩৭ লক্ষ বিচারাধীন ভোটারদের নথি নিষ্পত্তি হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

    আর্থিক দুর্নীতির তদন্তে কলকাতার এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি ED-র। শনিবার ভোরে বালিগঞ্জ প্লেসে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।

    নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী KP Sharma Oli-কে কাঠমান্ডুর জেলা পুলিশ রেঞ্জ থেকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তাঁকে নেপাল পুলিশ ভক্তপুরের গুন্ডু এলাকায় অবস্থিত তাঁর বাসভবন থেকে আটক করে এখানে নিয়ে আসে।

    উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা-তে আজ, শনিবার নরেন্দ্র মোদী জেওয়ারে নির্মিত নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট-এর প্রথম পর্যায় (ফেজ-১) উদ্বোধন করতে চলেছেন। প্রায় ১১,২০০ কোটি টাকা বিনিয়োগে এই বিমানবন্দরটি তৈরি করা হয়েছে। সেখানে মোতায়েন কড়া নিরাপত্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌঁছনোর আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

    ঝড়ের তাণ্ডবে পুলিশের গাড়িতে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হলো এক কনস্টেবলের। আহত আরোও তিনজন। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের অধীন গুড়গুড়িপাল থানা এলাকায় ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সন্তোষ ছেত্রী (৫৯)। তাঁর বাড়ি মেদিনীপুর শহরের নেপালিপাড়া এলাকায়।

  • Link to this news (এই সময়)