এই সময়, লাভপুর ও বহরমপুর: আজ, শনিবার বীরভূম জেলায় প্রথম নির্বাচনী সভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। মুর্শিদাবাদ জেলাতেও দু'টি নির্বাচনী সভা করবেন তিনি। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা করে গিয়েছেন বীরভূমে।
দলীয় সূত্রে খবর, শনিবার দুপুর একটা নাগাদ লাভপুরের ফুল্লরাতলা মেলার মাঠে দলীয় প্রার্থী অভিজিৎ সিং-এর সমর্থনে সভা করবেন অভিষেক। তবে নানুর, লাভপুর, সাঁইথিয়া এবং ময়ূরেশ্বর কেন্দ্রের প্রার্থীরাও উপস্থিত থাকতে পারেন। মঞ্চের পাশাপাশি তৈরি হয়েছে হেলিপ্যাড। বিদায়ী বিধায়ক তথা এ বার প্রার্থী অভিজিৎ বলেন, 'শুধু লাভপুর বিধানসভা এলাকা থেকেই ৫০ হাজারেরও বেশি মানুষ আসবেন।' প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার বক্তব্য, 'শুধু বীরভূমই নয়, লাগোয়া মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান থেকে লোক এনে ওই লক্ষ্যমাত্রা পূরণ হবে কি না, সন্দেহ।'
এ দিকে, বহরমপুরেও নির্বাচনী প্রচার করবেন অভিষেক। পর পর দু'দিন সেখানে তিনি প্রচার করবেন। আজ শনিবার, দুপুরে মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা এলাকার পাকা দরগার মাঠে সভা করবেন অভিষেক। পরের দিন, অর্থাৎ ২৯ মার্চ নওদা বিধানসভা এলাকায় আমতলা হাইস্কুল মাঠে সভা করবেন তিনি। ভগবানগোলা রেল স্টেশন থেকে চার কিলোমিটার দূরে নহর ব্রিজের কাছে অভিষেকের সভার জন্য মঞ্চ তৈরি হয়েছে। বিদায়ী বিধায়ক এবং ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রিয়াত হোসেন সরকার মঙ্গলবার সভা নিয়ে দলীয় কর্মী এবং নেতাদের নিয়ে প্রস্তুতি সভা করেন। রিয়াত বলেন, 'আমাদের ইচ্ছে, ওই জনসভাকে ঐতিহাসিক করে তোলা।' মঞ্চে ভগবানগোলার প্রার্থী ছাড়াও লালগোলা, মুর্শিদাবাদ, রানিনগর কেন্দ্রের প্রার্থীরাও থাকবেন। ২৯ মার্চ নওদা বিধানসভা এলাকার সভা হবে আমতলা হাইস্কুল মাঠে। সেখানে ১৫ হাজার মানুষ বসতে পারবেন।