• ‘বিচারাধীন’ থেকে বৈধ, দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠল শশী পাঁজার, এখনও কোন কোন TMC প্রার্থীর ভাগ্য ঝুলে?
    এই সময় | ২৮ মার্চ ২০২৬
  • অবশেষে স্বস্তি। ভোটে লড়তে আর বাধা রইল না শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাঁজার (Shashi Panja)। চূড়ান্ত ভোটার তালিকায় (Voter List) রাজ্যের বিদায়ী মন্ত্রীর নামের পাশে লেখা ছিল ‘অ্যাজুডিকেশন’। শুক্রবার মধ্যরাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার পরে দেখা যায় অবশেষে শশী পাঁজার নামের পাশ থেকে সরেছে ‘অ্যাজুডিকেশন’ স্টেটাস।

    গত সোমবার প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্টে প্রকাশ করে নির্বাচন কমিশন (Election Commission of India)। সেখানেও নাম ছিল না তৃণমূল নেত্রী ও প্রার্থী শশী পাঁজার। সব নথি জমা দেওয়ার পরেও কী ভাবে নাম ‘বিচারাধীন’ তালিকায় সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। নির্বাচনে প্রার্থী হিসেবে রাজ্যের বিদায়ী মন্ত্রীর নাম ঘোষণার পরে ক্রমশ উদ্বেগ বাড়ছিল। ‘অ্যাজুডিকেশন’ তকমা না সরলে যে ভোটযুদ্ধে লড়া অসম্ভব তা বুঝতে পারছিলেন দলের কর্মী-সমর্থকেরা। অবশেষে দুশ্চিন্তার অবসান। যদিও তাঁর ১০ সতীর্থর ভাগ্য এখনও ঝুলে রয়েছে।

    নির্বাচন কমিশনের তালিকায় শাসক শিবিরের ১১ প্রার্থীর নামের পাশে জুটেছিল ‘বিচারাধীন’ তকমা। শেষ পাওয়া খবর অনুযায়ী, কমিশনের দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টের ২০ লক্ষের মধ্যে স্থান পেয়েছেন তৃণমূলের দুই প্রার্থী। শ্যামপুকুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাঁজা ছাড়াও বিচারাধীন তকমা মুছেছে বীরভূমের হাসন কেন্দ্রের প্রার্থী কাজল শেখের। তবে এখনও ‘বিচারাধীন’ উত্তর দিনাজপুরের গোয়ালপোখর, মালদার মোথাবাড়ি, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, লালগোলা, নওদা, হুগলির চণ্ডীতলা এবং উত্তর ২৪ পরগনার দেগঙ্গার তৃণমূল প্রার্থীর নাম। এখনও ‘বিচারাধীন’ SIR মামলার আইনজীবী এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র এবং উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের নামও। এই প্রার্থীদের নথি সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তৃণমূলের পক্ষ থেকে ই–মেল করেছেন রাজ্যের বিদায়ী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন পেশের শেষ দিন ৬ এপ্রিল। দ্বিতীয় দফার ক্ষেত্রে শেষ দিন ৯ এপ্রিল। তার মধ্যে নিষ্পত্তি না হলে সমস্যায় পড়বেন প্রার্থীরা।

    নিষ্পত্তি হওয়া ‘আন্ডার অ্যাজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ ১০ লক্ষ ভোটারের উপরে ভিত্তি করে গত সোমবার প্রকাশিত হয়েছিল প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। শুক্রবার রাতে প্রকাশিত হয়েছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। নিষ্পত্তি হওয়া আরও প্রায় ২০ লক্ষ ‘বিচারাধীন’ ভোটারকে নিয়ে এই লিস্ট প্রকাশিত হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। তবে কারা এই তালিকায় ঠাঁই পেলেন এবং কারা পেলেন না, তা নিশ্চিত হতে সময় লাগবে।

  • Link to this news (এই সময়)