আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার রাত থেকেই কলকাতা সহ বাকি জেলা জুড়ে প্রবল ঝড়বৃষ্টি। যার জেরে নির্ধারিত সময়ে কলকাতা বিমানবন্দরে যথাসময়ে নামতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিমান। রাত ১১টা ৪০ মিনিট নাগাদ তাঁর বিমান অবতরণের কথা ছিল কলকাতা বিমানবন্দরে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জেরে তা সম্ভব হয়নি। খেলা দেখাতে শুরু করে কালবৈশাখী। ঘন ঘন বিদ্যুৎ চমকাতে থাকে। প্রবল বেগে বইতে থাকে হাওয়া। সঙ্গে বৃষ্টি শুরু হয়।
সূত্রের খবর, শাহের বিমান কলকাতার আকাশে চলে এসেছিল ১২টা ২৫ মিনিট নাগাদ। প্রায় ৫৫ মিনিট বিমানটি আকাশে চক্কর কাটে। বিমানটি নৈহাটি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার আকাশে চক্কর কাটতে থাকে বলে খবর। এরপর রাত প্রায় ১টা ৪৫ মিনিট নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান অবতরণ করে কলকাতায়। এর আগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই পরিস্থিতির মুখে পড়েছিলেন।
রাত দুটো নাগাদ অমিত শাহ কনভয়ে করে শহরের একটি হোটেলের উদ্দেশে রওনা দেন। সেখানে তাঁকে স্বাগত জানান রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে, রাত সাড়ে দশটা নাগাদ দিল্লি থেকে রওনা হয়েছিলেন শাহ। সেটাই প্রায় রাত ২টো নাগাদ পৌঁছয় কলকাতায়।
প্রসঙ্গত, সাধারণত বিএসএফের বিমানে যাতায়াত করেন শাহ। কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচনী আচরণবিধির কারণে শুক্রবার তিনি সেই বিমানে আসেননি। এসেছেন একটি ছোট বেসরকারি বিমানে। সেই কারণেই দুর্যোগে তা অবতরণ করাতে সমস্যায় পড়েছিলেন পাইলটরা। শাহের সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষীরা ছিলেন। তাঁকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, অমিত মালব্যরা।
এদিকে, শনিবার দুপুরে নিউটাউনের এক হোটেলে তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সরকারের বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে, তা থাকবে এই চার্জশিটে।