• মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদির, টিম ইন্ডিয়া স্পিরিট তুলে ধরার আহ্বান
    বর্তমান | ২৮ মার্চ ২০২৬
  • নয়াদিল্লি: আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাত থামার কোনো লক্ষণ নেই। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে উদ্ভূত বিষয়গুলি খতিয়ে দেখতে এবার বিশেষ পদক্ষেপ নিল মোদি সরকার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি মন্ত্রিগোষ্ঠী গঠন করল কেন্দ্র। এই ‘ঘরোয়া’ (ইনফর্মাল) মন্ত্রিগোষ্ঠীতে সদস্যদের মধ্যে রয়েছেন অমিত শাহ, নির্মলা সীতারামন, হরদীপ সিং পুরী। সূত্রের খবর, এই বৈঠকে সকলের উদ্দেশে একজোট হয়ে ‘টিম ইন্ডিয়া’ স্পিরিট জাগিয়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে কোভিড পর্বে একজোট হয়ে সেই মহামারী পরিস্থিতির মোকাবিলা করার স্মৃতিও মনে করিয়ে দেন তিনি। এখানেই শেষ নয়, জ্বালানির জোগান যাতে ঠিক থাকে এবং কোনোমতেই কালোবাজারি না হয়, সেই বিষয়ে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করা হয়েছে।

    জানা গিয়েছে, পশ্চিম এশিয়ার সংঘাতের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি পর্যালোচনা করতে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে প্রাথমিক প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করেন। নির্বাচনের কারণে পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে উপস্থিত ছিলেন না। পরে কেন্দ্রীয় সচিবালয়ের তরফে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরির মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করা হবে।পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে যে ধরনের সমস্যা তৈরি হবে, তা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের পরিপ্রেক্ষিতেই এই বিশেষ ‘ব্যবস্থা’ গ্রহণ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ বাহিনী ইরানের উপর হামলা চালায়। পালটা জবাব দেয় ইরানও। চতুর্থ সপ্তাহে গড়িয়ে গেলেও সেই সংঘাত এখনও চলছে। এই যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। একাধিক দেশে তেল ও গ্যাসের সমস্যা দেখা দিয়েছে। বাড়ছে দামও। এই সমস্যার সুদূরপ্রসারী প্রভাব পড়েছে বিশ্বের বিভিন্ন দেশের আপামর জনসাধারণের দৈনন্দিন জীবনেও। সেই কারণেই মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই বৈঠক করেন মোদি। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার সংঘাতের প্রেক্ষিতে এই প্রথম বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী।
  • Link to this news (বর্তমান)