একাধিক পেট্রল পাম্প বন্ধ, জ্বালানি না পেয়ে চরম দুর্ভোগ
বর্তমান | ২৮ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শুক্রবার জলপাইগুড়িতে বন্ধ থাকল একাধিক পেট্রল পাম্প। ফলে জ্বালানি না পেয়ে চরম দুর্ভোগে পড়লেন বাইক ও গাড়িচালকরা। এমনিতেই রান্নার গ্যাসের সমস্যা চলছে, তার উপর পেট্রল ও ডিজেল না মেলায় জলপাইগুড়িতে দুর্ভোগ চরমে ওঠে এদিন। ডিজেল সংকটে গাড়িতে করে বাড়ি বাড়ি রান্নার গ্যাসের ডেলিভারিও বন্ধ হয়ে যায়। যদিও আজ, শনিবার জলপাইগুড়িতে জ্বালানি সংকট মিটে যাবে বলে আশ্বস্ত করেছেন পেট্রল পাম্প মালিকরা।
বৃহস্পতিবার থেকেই পেট্রল ও ডিজেলের সংকট দেখা দেয় জলপাইগুড়ির পাহাড়পুর মোড় সংলগ্ন একটি পাম্পে। তেল না থাকায় এদিন সকাল থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া পাম্পটি। এরই মধ্যে জলপাইগুড়ি থানা মোড়ে আরও একটি পাম্পে ‘নো পেট্রল’ লেখা বোর্ড টাঙিয়ে দেওয়া হয়। ফলে জ্বালানি না পেয়ে ফিরে যেতে হয় বাইক ও গাড়ি চালকদের। মাঝপথে পেট্রল ফুরিয়ে যাওয়ায় অনেকে বাইক ঠেলে নিয়ে যেতে বাধ্য হন। জলপাইগুড়ির ডিবিসি রোডে একটি পেট্রল পাম্পে জ্বালানি মিললেও সেখানে লম্বা লাইন ছিল গাড়ি ও বাইকের।
শহরের থানা মোড়ের পেট্রল পাম্প কর্তৃপক্ষের তরফে অসিতবরণ নন্দী অবশ্য বলেছেন, ব্যাংকে টাকা জমা করতে না পারায় তেল পাইনি আমরা। সেকারণে পাম্প বন্ধ করে দিতে হয়। জ্বালানি নিয়ে এখনই উদ্বেগের কিছু নেই।
পেট্রল পাম্প কর্তৃপক্ষ আশ্বস্ত করলেও এদিন জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনি এলাকায় রান্নার গ্যাসের গোডাউনে দাঁড়িয়ে জ্বালানি নিয়ে ক্ষোভ উগরে দেন এক গাড়িচালক। গাড়িতে করে বাড়ি বাড়ি রান্নার গ্যাসের সিলিন্ডার ডেলিভারি দেন তিনি। তাঁর অভিযোগ, এদিন তিনটি পাম্প ঘুরেও ডিজেল মেলেনি। ফলে বাড়ি বাড়ি সিলিন্ডার ডেলিভারি দিতে পারিনি। এমনিতেই রান্নার গ্যাস না পেয়ে মানুষজন ফোন করছেন। নানা কথা শোনাচ্ছেন। দীর্ঘ অপেক্ষার পর যদিওবা সিলিন্ডার এসেছে, কিন্তু তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার মতো গাড়ির জ্বালানি নেই।