নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর আর্থিক দুর্নীতি মামলার শুনানি থমকে গেল। শুক্রবার ছিল এই মামলার শুনানির দিন। কিন্তু তা মুলতুবি হয়ে যায়। জেল থেকে ভার্চুয়ালে অভিযুক্তদের হাজির করানো হয়। এদিন এই মামলায় জেল হেপাজতে থাকা অভিযুক্ত চিকিৎসক আশিসকুমার পান্ডের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী আনন্দ গঙ্গোপাধ্যায়। তার শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৬ এপ্রিল। ওই আইনজীবীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর মক্কেল জেল হেপাজতে আছেন। কিন্তু নানা কারণে মামলার শুনানি থমকে যাচ্ছে। ফলে তাঁর মক্কেলকে অহেতুক জেল হেপাজতে কাটাতে হচ্ছে। আর সেই কারণেই তাঁরা আদালতে তাঁর জামিনের আবেদন জানিয়েছেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় ইতিমধ্যে সাক্ষ্যদান পর্ব শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তারই মাঝে ওই হাসপাতালের অভিযুক্ত প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি নতুন করে জেল হেপাজতে যাওয়ায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন হয়নি। ফলে আগামী দিনে ওই আইনি প্রক্রিয়া শেষ না-হওয়া পর্যন্ত এই মামলার মূল বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়।