নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলডাঙা হিংসা‑কাণ্ডে অভিযুক্তদের জামিনের আবেদনের শুনানির দিন ধার্য হল আগামী সোমবার। শুক্রবার কলকাতায় বিচার ভবনের এনআইএ’র ভারপ্রাপ্ত বিচারক শ্রুতিরূপা ঘোষ মাজি এই দিন ধার্য করেন। এই মামলায় অভিযুক্তের সংখ্যা ৩১ জন। এখন সকলে রয়েছেন কলকাতার প্রেসিডেন্সি জেলে। এনআইএ’র বিশেষ সরকারি কৌঁসুলি শ্যামল ঘোষ বলেন, ‘এদিন এই মামলার শুনানির দিন ছিল। অভিযুক্ত পক্ষ থেকে আদালতে জামিনের আবেদন জানিয়েছিল। সেই মর্মে উভয় পক্ষের বক্তব্যের শেষে বিচারক সোমবার ওই শুনানির দিন ধার্য করেন।’
এদিন বিচারক অভিযুক্তদের ফের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্ত পক্ষের এক কৌঁসুলি ফজলে আহমেদ খান সাংবাদিকদের কাছে দাবি করেন, তাঁদের মক্কেলদের বিরুদ্ধে ইউএপিএ’র মতো কড়া অভিযোগ দেওয়া হয়েছে, যার কোনো ভিত্তি নেই। যদিও সরকারি কৌঁসুলি বলেন, ‘মামলার কেস‑ডায়েরিতে অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য‑প্রমাণ রয়েছে। শুনানি চলাকালে তা আদালতে পেশ করা হবে।’