সংবাদদাতা, বজবজ: রামনবমী উপলক্ষ্যে পতাকা লাগানো নিয়ে বাকবিতণ্ডার জেরে বিজেপির দুই গোষ্ঠী মারামারিতে জড়িয়ে পড়ে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বজবজ বিধানসভা কেন্দ্রের নোদাখালি থানার বাওয়ালি ট্রেকার স্ট্যান্ডের কাছে। অভিযোগ, বিজেপি নেতা সুরজিৎ রায় (কাটারি) ও তার অনুগতরা পালটা গোষ্ঠীর নেতা সজল আদককে তাঁর দোকানে ঢুকে বেধড়ক মারধর করে। এই ঘটনার পর সজল আদক ও তাঁর অনুগামীরা নোদাখালি থানায় অভিযোগ দায়ের করেন। পালটা অভিযোগ জানান সুরজিৎরাও। পুলিশ ওই রাতেই সজল ও সুরজিৎ সহ দু’পক্ষের মোট চারজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য নোদাখালি থানায় যান বজবজ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তরুণ আদক, মহিলা মোর্চার নেত্রী সবিতা চৌধুরী সহ দলের কর্মীরা। কিন্তু থানার আইসি বলেন, এফআইআর হয়ে যাওয়ায় এখন আর কিছু করা যাবে না। প্রার্থী তরুণ আদকের শিবিরের অভিযোগ, বৃহস্পতিবার তাঁর বাড়িতে বৈঠক ভেস্তে যাওয়ার পিছনে সজল আদকের উস্কানি ছিল। বৃহস্পতিবার রামনবমীর পতাকা লাগানো নিয়ে সুরজিতের সঙ্গে বচসা হয় সজলের। তখনই হামলার ঘটনাটি ঘটে। সজল আদক শিবিরের অভিযোগ, প্রার্থীর বিরুদ্ধে মুখ খোলায় প্রতিশোধ নিতেই এভাবে হামলা চালানো হয়েছে।