নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হিংসামুক্ত, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে কড়া বার্তা হাওড়ায়। শুক্রবার হাওড়ার মুখ্য নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক জানান, নির্বাচন পরিচালনায় যুক্ত কোনো সরকারি আধিকারিক বা কর্মী প্রভাব খাটানোর অভিযোগে দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দায়ের হবে এফআইআর।
জেলাশাসক পি দীপাপ্রিয়া জানান, নির্বাচন কমিশন ইতিমধ্যেই ছ’দফা নির্দেশিকা জারি করেছে। অশান্তি ও হিংসা রোধে কড়া নজরদারি, ভোটারদের ভয় দেখানো বা প্রভাবিত করা বন্ধ করা, আর্থিক প্রলোভন রুখে দেওয়া, ছাপ্পা ভোট প্রতিরোধ, ভোটকেন্দ্রে ভিড় বা জ্যাম এড়ানো এবং ভোটারদের যাতায়াতে কোনো বাধা না দেওয়ার বিষয় নিশ্চিত করার কথা বলা হয়েছে। আর ও, এ আর ও, সেক্টর অফিসার সহ সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ দায়িত্বে থেকে বুথ জ্যাম বা ছাপ্পা ভোটে যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এর পাশাাপাশি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি বুথে থাকবে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংবেদনশীল বুথগুলির আশপাশে অতিরিক্ত বাহিনী, কিউ আর টি ভ্যানের মাধ্যমে বাড়তি নজরদারি চালানো হবে। পাশাপাশি ভোটের দিন গুজব বা ভুয়ো খবর ছড়িয়ে পড়া আটকাতেও থাকবে কড়া নজর।
‘ভোটের পর্ব, পশ্চিমবঙ্গের গর্ব’ স্লোগান সামনে রেখে নতুন ভোটারদের সচেতন করতে এদিন সাইকেল র্যালির আয়োজন হয়েছিল। নির্বাচন কমিশনের উদ্যোগে হাওড়া ব্রিজ থেকে শিবপুরের রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত হয়েছে র্যালি। তাতে অংশ নেন তরুণ-তরুণীরা। উপস্থিত ছিলেন কমিশনের মিডিয়া ইনচার্জ । তিনি জানান, নতুন ভোটারদের নিবন্ধনে উৎসাহ দেওয়া, ভোটদানে আগ্রহ বাড়ানো এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতন করাই এই কর্মসূচির লক্ষ্য। র্যালিতে উপস্থিত ছিলেন জেলাশাসক ও পুলিশ কমিশনারও।