উত্তর হাওড়ায় রামনবমীর মিছিলে জোড়াফুল-পদ্ম শিবিরের দুই প্রার্থী
বর্তমান | ২৮ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রামনবমী উপলক্ষ্যে উত্তর হাওড়ায় খটিক সমাজের শোভাযাত্রায় শুক্রবার ভিড় ছিল চোখে পড়ার মতো। হাওড়া স্টেশন সংলগ্ন গোলমোহর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। অংশ নেন কয়েক হাজার মানুষ। মিছিলে পৃথকভাবে অংশ নিতে দেখা যায় তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরী ও বিজেপি প্রার্থী উমেশ রাইকে। দু’জনেই নিজেদের সমর্থকদের নিয়ে আলাদা আলাদাভাবে শোভাযাত্রায় পা মেলান।
মিছিলকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে প্রশাসন। গোলাবাড়ি থানা সহ হাওড়া সিটি পুলিশের বিশাল বাহিনীর পাশাপাশি র্যাফ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়। পুলিশের এক পদস্থ আধিকারিক জানান, আয়োজকরা আগাম অনুমতি নিয়েই সমস্ত নিয়ম মেনে এই কর্মসূচি করেছেন। প্রথা মেনে অস্ত্র পুজোর পর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া তৃণমূল ও বিজেপির দুই প্রার্থীই জানান, এই মিছিল কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা ধর্মের নয়, বরং সব ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতের মানুষ এতে অংশ নেন। এদিনও কয়েকজনের হাতে পুজো করা তরোয়াল দেখা যায়। তবে তা সীমিত সংখ্যক অংশগ্রহণকারীর হাতেই ছিল এবং রীতির অংশ হিসাবেই বহন করা হয়। খটিক সমাজের পক্ষ থেকে মিছিলের উদ্যোক্তা বিবেক সোনকার বলেন, স্বাধীনতার পর থেকেই নির্দিষ্ট রীতি মেনে এই শোভাযাত্রা হয়ে আসছে। তাঁর অভিযোগ, বর্তমানে কিছু সংগঠন রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় নতুন করে রামনবমীর মিছিল করছে, তবে তাঁদের এই প্রথাগত মিছিলে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।
এদিকে, রামনবমীর পুজোর ভিড়ে চিকিৎসকের ভূমিকায় দেখা গেল শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ রানা চট্টোপাধ্যায়কে। শুক্রবার রামরাজাতলায় রামমন্দিরে পুজোর অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড়ের মধ্যেই তীব্র গরমে সংজ্ঞাহীন হারান মাঝবয়সি এক মহিলা। ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন প্রার্থী। তিনি দ্রুত ওই মহিলাকে শুইয়ে প্রাথমিক চিকিৎসা করেন। দেখা যায়, তাঁর রক্তচাপ কমে গিয়েছে। সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হলে কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে ওঠেন তিনি।
তৃণমূল প্রার্থী বলেন, ‘উপবাস ও অতিরিক্ত গরমের জেরেই মহিলা অসুস্থ হয়ে পড়েছিলেন। সামনেই নির্বাচন, এই গরমে প্রচারে বেরিয়ে সাধারণ মানুষকে সুস্থ থাকার বার্তা দিচ্ছি।’