উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যালের খাতা সোশাল মিডিয়ায়! বিতর্ক শিক্ষামহলে
বর্তমান | ২৮ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাও আবার যেমন তেমন স্কুল নয়, বীরভূম জেলা স্কুলে ঘটেছে এমন আজব কাণ্ড। তিনজন ছাত্রের ফিজিক্স প্র্যাকটিক্যালে প্রাপ্ত নম্বর অনলাইনে ছড়িয়ে পড়েছে। পূর্ণমান অর্থাৎ, ৩০-এ ৩০ পেয়েছে তারা। এরকম গোপন একটি বিষয় প্রকাশ্যে ছড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য প্রধান শিক্ষক চন্দন সাহাকে ফোন, মেসেজ করা হয়। তবে সাড়া মেলেনি। সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, ‘গোপন নথি সমাজমাধ্যমে আসা মোটেই কাম্য নয়। হতে পারে, শিক্ষক তাঁর টিউশনের ছাত্রদের এটা দেখার জন্য ছবি পাঠিয়েছিলেন, যে তাদেরকে পূর্ণমান দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত সংসদের।’ প্র্যাকটিক্যালে ঢালাও পূর্ণমান দেওয়ার অভিযোগ নতুন নয়। স্কুলগুলিও চাপে পড়ে তা দেওয়ার কথা স্বীকার করে। তাই পরীক্ষায় নজরদারির জন্য খোদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার বেশকিছু স্কুলে গিয়েছিলেন। জেলা থেকেও সংসদের আধিকারিক, ডিআইরা আচমকা পরিদর্শন করেছেন স্কুল। নামী স্কুলেও এধরনের পরিস্থিতি প্রমাণ করছে, প্র্যাকটিক্যালের স্বচ্ছতা রয়েছে তিমিরেই। ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংসদ সভাপতি। তাঁর বক্তব্য, খাতাগুলি প্র্যাকটিক্যালের কিনা তা খতিয়ে দেখতে হবে।