নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নির্বাচন ঘোষণা হতেই ১৫৭ জন দাগি দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ। ভোট প্রস্তুতির অঙ্গ হিসাবে ওই কাজ করা হয়েছে। শুক্রবার সে কথা জানিয়েছেন চন্দননগরের পুলিশ কমিশনার সুনীল যাদব। এদিন জেলা মুখ্য নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক খুরশিদ আলি কাদরি ও পুলিশ কমিশনার সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তাঁরা ভোট প্রস্তুতি নিয়ে সর্বশেষ তথ্য দিয়েছেন। জেলাশাসক বলেন, ভোট নিয়ে আমাদের সামগ্রিক প্রস্তুতি শেষ হয়েছে। ২ এপ্রিল থেকে মনোনয়ন পর্ব শুরু করা হবে। সেই বিষয়ে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এদিন জেলাশাসক বলেন, মিটিং-মিছিল-সভা’র অনুমোদন নিয়ে কিছু অভিযোগ এসেছে। অনেক জায়গায় নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন আসছে না। আমরা কড়া পদক্ষেপ করব। অন্যদিক, সুনীল যাদব বলেন, কমিশনারেট এলাকাজুড় ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সহ কমিশনারেটের পুলিশ নিয়মিত রুটমার্চ করছে। নাগরিকদের সঙ্গে কথা বলা হচ্ছে। ভয়ভীতির পরিবেশ যাতে তৈরি না হয়, তার প্রয়াস অব্যাহত আছে। তিনি জানিয়েছেন, বিশেষ কিছু নাগরিককে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অতীত অভিযোগ আছে। কমিশনারেট এলাকাকে অবৈধ অস্ত্রমুক্ত করতে অভিযান করা হয়েছে। ১৪টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন আধিকারিক ও পুলিশ কর্তারা জানিয়েছেন, সংবেদনশীল বুথ ও এলাকা চিহ্নিত করে বিশেষ পদক্ষেপ করা হয়েছে।