• জোর করে ভিডিয়ো ডিলিট করানোর অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে
    বর্তমান | ২৮ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, তারকেশ্বর: মহিলা সাংবাদিকের তোলা ছবি জোর করে মুছে দেওয়ার অভিযোগ উঠল তারকেশ্বরে বিজেপি প্রার্থী সন্তু পানের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ তুলেছেন ওই মহিলা সাংবাদিক।  সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক অভিযোগ করেন, সারাদিন প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন তাঁরা। প্রচারের মাঝে একটি ভুল স্লোগান দিয়ে দেন বিজেপি প্রার্থী সন্তু পান। এরপরেই ওই স্লোগানের ভিডিয়োটি না চালানোর জন্য জানানো হয় সাংবাদিককে। তিনি জানান, ক্লিপটি বাদ দিতে গেলে সারাদিনের ভিডিয়ো বাদ চলে যাবে। আমরা কথা দিচ্ছি, আপনার ভুল স্লোগান দেখানো হবে না। এরপর বেশ কয়েকজন বিজেপি সমর্থক তাঁদের ঘিরে ধরে। জোর করে ডিলিট করানো হয় ভিডিয়ো। যদিও পরবর্তী সময়ে ডিলিট হওয়া ভিডিয়ো ক্লিপ পুনরুদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রামেন্দু সিংহ রায়। তাঁর দাবি, সন্তু পান সাংবাদিক থাকার সময় সন্দেশখালিতে মহিলারা পোশাক পরিবর্তন করার সময় ছবি তুলতে ঢুকে পড়েন। এটা আমাদের কথা নয়, লাঞ্ছিত সন্দেশখালির মহিলার বক্তব্য। মহিলা সাংবাদিককে এইভাবে হেনস্তা নিন্দনীয়। বিজেপি শাসিত এলাকায় মহিলাদের এইভাবে দমন করা হয়। আমাদের সরকার মহিলাদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী সহ একাধিক প্রকল্প চালু করেছে যা বিশ্বের দরবারে প্রশংসনীয়। মহিলাদের স্বার্থে রাজ্যের প্রস্তাবিত অপরাজিতা বিল কেন্দ্র সরকার অনুমোদন দেয়নি। এর থেকে বোঝা যায়, বিজেপি জানে তাদের কর্মীরা মহিলা নির্যাতনে জড়িত থাকে। মহিলা সাংবাদিককে এইভাবে হেনস্তা বিজেপির আসল পরিচয় দিয়েছে মানুষকে। ভোটের বাক্সে মহিলারা এর জবাব দেবে। বিজেপি প্রার্থী সন্তু বলেন, ওই মহিলা যে সংবাদ মাধ্যমের কর্মী সেই সংবাদ মাধ্যমের কোনো অভিযোগ নেই। ব্যক্তিগতভাবে সাংবাদিক এই অভিযোগ করেছেন। যদি ছবি ডিলিট করে দেওয়া হত তাহলে তাঁরা সম্প্রচার করলেন কীভাবে? ওঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। জোর করে ছবি ডিলিট করানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।
  • Link to this news (বর্তমান)