• বিরোধী ‘অস্ত্র’ নারী নিরাপত্তা, ভোঁতা করতে তৃণমূলের প্রচারে সামনের সারিতে মহিলা ব্রিগেড
    বর্তমান | ২৮ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: সেই বাম জমানা থেকে ঘাসফুলের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত পানিহাটি। এবারের ভোটে পানিহাটি কেন্দ্রে বিরোধীদের প্রধান ইস্যু মহিলা নিরাপত্তা। কারণ, আর জি কর হাসপাতালে নির্যাতিতা নিহত তরুণী চিকিৎসকের বাড়ি এখানেই। এই আসনে এবার বিজেপি প্রার্থী হয়েছেন সেই নির্যাতিতা চিকিৎসকের মা। বামেরা প্রার্থী করেছে সিপিএমের যুবনেতা কলতান দাশগুপ্তকে। তিনি আবার আর জি কর-কাণ্ডের বিচারের দাবিতে আন্দোলনের অন্যতম নেতৃত্ব। তাই বিরোধীদের এই ‘হাতিয়ার’ ভোঁতা করে দিতে দলের মহিলা ব্রিগেডকেই সামনে রাখছে তৃণমূল। প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন থেকে বাড়ি বাড়ি প্রচার—সব ক্ষেত্রেই প্রথম সারিতে রাখা হচ্ছে প্রমীলা বাহিনীকে। বিবিধ উন্নয়নের পাশাপাশি নারী নিরাপত্তায় রাজ্য সরকারের ভূমিকার কথা তারা প্রচারে তুলে ধরছে। 

    ১৯৯৬ সাল থেকে পাঁচবার পানিহাটির বিধায়ক হয়েছেন নির্মল ঘোষ। মাঝে ২০০৬ সালে পরাজয় ছাড়া তিনি প্রতিবার জিতে এসেছেন। এবার এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন নির্মলবাবুর ছেলে তীর্থঙ্কর ঘোষ। ২০২১ সালের বিধানসভা ভোটে নির্মলবাবু ২৫,০৯৩ ভোটে জিতেছিলেন। গত লোকসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূলের লিড ছিল প্রায় ১২,৪৩৫ ভোট। পুরসভার মাত্র চারটি ওয়ার্ডের পিছিয়ে ছিল জোড়াফুল শিবির। পুরসভাতেও তাদের নিরঙ্কুশ ক্ষমতা।  অর্থাৎ, নির্বাচনি পাটিগনিতের হিসাবে পানিহাটিতে তৃণমূলের ভিত অত্যন্ত মজবুত। কিন্তু অভয়ার নৃশংস হত্যাকাণ্ডকে বিরোধীরা এবারের ভোটে মূল ইস্যু করায় কৌশল পরিবর্তন করতে হচ্ছে তৃণমূলকেও। বুথ থেকে ওয়ার্ড—মহিলা তৃণমূল কংগ্রেসের সম্প্রসারিত কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটিতে গ্রহণযোগ্য নতুন মুখ আনা হয়েছে। পুরসভার লোকসংস্কৃতি ভবনে দলের মহিলা কর্মীদের দু’টি পৃথক সভা করা হয়েছে। সেখানে প্রায় ৩,৫০০ জন মহিলা প্রতিনিধি হাজির ছিলেন। এলাকার বিভিন্ন সামজিক ও সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত মহিলাদের ভোটের কাজে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাঁরা রাজ্যের উন্নয়নের পাশাপাশি নারী সুরক্ষায় রাজ্যের ভূমিকা, অপরাজিতা বিল, নারী উন্নয়নে তৃণমূল সরকারের পদক্ষেপ তুলে ধরছেন। 

    প্রার্থী তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘আমরা রাজ্য সরকার ও পুরসভার উন্নয়ন নিয়ে মানুষের দুয়ারে হাজির হচ্ছি। আমাদের দলের দিদি, কাকিমা, বোনেরা প্রতিটি বাড়িতে পৌঁছে যাচ্ছেন। আমি বিরোধী প্রার্থীদের সম্মান জানাই। ওঁরাও প্রচার করুন। মানুষ নিজের বাস্তব অভিজ্ঞতায় জনপ্রতিনিধি নির্বাচন করবেন।’ সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত বলেন, ‘অভয়া হত্যাকাণ্ডের প্রমাণ লোপাট, বেহাল নিকাশি, জঞ্জাল, পানীয় জলের সংকট মানুষ দেখছে। এবার তাই পানিহাটির মানুষ তৃণমূলের অপশাসন থেকে মুক্তি চাইছেন। দেওয়াল লিখন স্পষ্ট, মানুষ ভোট দিতে পারলে তৃণমূল হারবে।’ শুক্রবার তৃণমূল প্রার্থীর পাড়ায় ভোট প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অভয়ার মা। তিনি বলেন, ‘নারীদের সুরক্ষা নেই। রাস্তা বেহাল। সামান্য বৃষ্টিতে জল মগ্ন হয় পানিহাটি। সর্বত্র জঞ্জালের স্তূপ। মানুষকে এবার বোকা বানানো যাবে না। তৃণমূলের হার নিশ্চিত।’ -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)