বিজেপি প্রার্থীর টাকা বিলির ছবি ভাইরাল, ফ্রি ওয়াইফাই জোন হবে বারাকপুর, প্রচারে প্রতিশ্রুতি রাজের
বর্তমান | ২৮ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভোটের মুখে একটি ভিডিয়ো ঘিরে বারাকপুরে হইচই শুরু হয়েছে। সেটিতে দেখা যাচ্ছে, বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী টাকা বিলি করছেন। এক দোকানদারকে ৫০০ টাকা দিচ্ছেন তিনি। কৌস্তভ পালটা দাবি করেছেন, তাঁর ছবি বিকৃত করা হয়েছে। এআই দিয়ে ভিডিয়োটি বানানো হয়েছে। হেরে যাওয়ার ভয়ে তৃণমূল এসব করছে। তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী আর কত নীচে নামবেন? আমি আইনি ব্যবস্থা নিতে চলেছি। তাঁর পালটা রাজ বলেন, হারার ভয়ে ওর মাথা খারাপ হয়ে গিয়েছে। আমাদের খেয়ে দেয়ে কাজ নেই, এইসব করব। আমি সকলকে বলব, টাকা দিলে নিয়ে নেবেন। সকলের টাকার প্রয়োজন আছে। টাকা নেবেন অথচ ভোট দেবেন তৃণমূলকে।
এদিকে, বারাকপুর শহরকে ফ্রি ওয়াইফাই জোন করা হবে। শুক্রবার প্রচারে নেমে এমনই দাবি করলেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। এছাড়াও রাজ জানান, আগামী দিন তাঁর প্রধান কাজ হবে, জল নিকাশি সমস্যার সমাধান ও বারাকপুর-বারাসত রোড সম্প্রসারণের কাজ শেষ করা। এদিন হনুমান মন্দিরে পুজো দিয়ে বারাকপুরের ৫ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলার তথা বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস, বারাকপুর টাউন তৃণমূলের সভাপতি সম্রাট তপাদার প্রমুখ। মানুষের বিপুল উৎসাহ ছিল নজরে পড়ার মতো। ওয়াইফাই প্রসঙ্গে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী বলেন, এটা কিছু বড়ো বিষয় নয়। প্রযুক্তির সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা সকলে জানেন। রাজ চক্রবর্তী তো মাধ্যমিক পরীক্ষার সময় নিজের ছবি ছাপিয়ে পরীক্ষার্থীদের কুপন দিয়েছিলেন। ছাত্রছাত্রীরা সেই ফ্রি কুপন ব্যবহার করতে পেরেছিল কি। এসব প্রতারণা ছাড়া কিছু নয়।