• শুধু আধার যথেষ্ট নয়, প্যান কার্ডের আবেদনে নতুন নিয়ম আগামী ১ এপ্রিল থেকে
    বর্তমান | ২৮ মার্চ ২০২৬
  • নয়াদিল্লি: শুধুমাত্র আধার থাকলেই এতদিন সহজেই প্যান কার্ডের জন্য আবেদন করা যেত। প্রয়োজনে তা সংশোধন পর্যন্ত করা যেত। আগামী ১ এপ্রিল অর্থাৎ নতুন অর্থবর্ষ থেকে বদলে যাচ্ছে সেই নিয়ম। সম্প্রতি তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আওতাধীন কমন সার্ভিসেস সেন্টারের (সিএসসি) তরফে জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে নতুন প্যান কার্ড তৈরি বা সংশোধনের ক্ষেত্রে আধার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। লাগবে জন্মের শংসাপত্র, পাসপোর্ট সহ বেশ কয়েকটি নথি। পরিচয় যাচাই আরও স্বচ্ছ ও নির্ভুল করতেই এই পদক্ষেপ বলে দাবি সরকারি সূত্রে।

    কী কী নথি লাগবে? নতুন নিয়মে আধারের পাশাপাশি জন্মের শংসাপত্র, ভোটার আইডি, দশম শ্রেণির সার্টিফিকেট, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও ম্যাজিস্ট্রেটের দেওয়া হলফনামা জমা দিতে হবে। আরও কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্যান কার্ডে দেওয়া নাম ও আধার কার্ডের নামের মধ্যে মিল থাকতে হবে। তাই আবেদনের পূর্বে আধারের নথি ভালো করে খতিয়ে দেখে নিতে হবে। প্যান কার্ডের পুরানো ফর্মও বাতিল হয়ে যাবে। ৩১ মার্চের পর থেকে নতুন ফর্মে নতুন নিয়ম মেনেই আবেদন করতে হবে। বিশেষজ্ঞদের মতে, নয়া নিয়মে বেশি নথি লাগবে। বিষয়টি যথেষ্ট সময়সাপেক্ষ। তাই ঝামেলা এড়াতে ৩১ মার্চের মধ্যে পুরানো নিয়মে তড়িঘড়ি আবেদন সেরে ফেলাই ভালো।

    আর্থিক লেনদেনের ক্ষেত্রেও কিছু রদবদল এসেছে। বর্তমানে ১০ লক্ষ টাকার বেশি সম্পত্তি ক্রয়-বিক্রয়ে প্যান কার্ডের প্রয়োজন পড়ে। নতুন নিয়মে সেই সীমা বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে। এবার থেকে শুধুমাত্র ৫ লক্ষ টাকার বেশি মূল্যের যানবাহন কেনার ক্ষেত্রে প্যান কার্ড লাগবে। হোটেলে যদি ১ লক্ষ টাকার বিল পরিশোধ করতে হয়, তাহলে প্যান কার্ড দিতে হবে। আগে এই সীমা ছিল ৫০ হাজার টাকা।
  • Link to this news (বর্তমান)