• কেতুগ্রামে সরকারি কোয়ার্টারে ছাদের চাঙড় খসে চার মাসের শিশুর মৃত্যু
    এই সময় | ২৮ মার্চ ২০২৬
  • সরকারি স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারের ছাদের চাঙড় খসে একরত্তির মৃত্যু। ঘুমের মধ্যেই ছাদের চাঙড় ভেঙে মৃত্যু হয় চার মাসের শিশুকন্যার (Child Death)। শুক্রবার দুপুরে কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (Primary Health Centre in Ketugram, Bardhaman) এই ঘটনা ঘটে। এলাকার লোকজনের অভিযোগ, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল স্বাস্থ্য পরিকাঠামোর রুগ্ন চেহারা। পরিবারের অভিযোগ, বহু বার কোয়ার্টার মেরামতের জন্য লিখিত আবেদন জানিয়েও লাভ হয়নি। চার মাসের একটা প্রাণ সেই গাফিলতিরই বলি হলো বলে অভিযোগ তাদের।

    কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সরকারি কোয়ার্টার। সেখানেই চার মাসের মেয়ে প্রিয়দর্শীকে নিয়ে থাকেন কাটোয়া পুরসভার অধীনস্থ স্বাস্থ্যকেন্দ্রের ল্যাব অ্যাসিস্ট্যান্ট শিবানী সোরেন ও কেতুগ্রামের সীতাহাটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট সানু বেসরা।

    শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ ঘরের মেঝেতে শোয়ানো ছিল প্রিয়দর্শী নামে ওই শিশু। পরিবারের অভিযোগ, আচমকাই ছাদের একটি বড় চাঙড় খসে পড়ে শিশুটির মাথার উপরে। পরিবারের অন্যরা অল্পের জন্য রক্ষা পেলেও গুরুতর জখম হয় প্রিয়দর্শী। বাড়ির লোকেরা তড়িঘড়ি তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য রওনা হলেও পথেই মৃত্যু হয় তার।

    পরিবারের অভিযোগ, কোয়ার্টারের বেহাল দশা জানিয়ে একাধিক বার লিখিত অভিযোগ জানানো হয়েছিল দপ্তরে। কিন্তু মেরামত করা হয়নি। সময় মতো মেরামত হলে এই মৃত্যু ঘটত না। শুধু এই কোয়ার্টার নয়, এই স্বাস্থ্যকেন্দ্রের অন্য কোয়ার্টারগুলোর অবস্থাও খুবই বিপজ্জনক বলে দাবি তাঁদের। বহু বছরের পুরোনো কোয়ার্টারে বসবাস করতে হয় প্রাণের ঝুঁকি নিয়েই।

    এ বিষয়ে কাটোয়া মহকুমার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক (ACMOH) সৌভিক আলম জানিয়েছেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • Link to this news (এই সময়)