• অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে আগুন, ছড়াল চাঞ্চল্য
    এই সময় | ২৮ মার্চ ২০২৬
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা মঞ্চে আচমকাই লেগে গেল আগুন। শুক্রবার দুপুরে লাভপুরের মা ফুল্লরা মেলার মাঠের জনসভায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আচমকা আগুন লেগে যায় জনসভার মঞ্চের এক পাশে। ধোঁয়ায় ঢেকে যায় মঞ্চ। মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সৌভাগ্যবশত আগুন লাগার সময়ে মঞ্চে ছিলেন না অভিষেক। সবেমাত্র বক্তব্য শেষে করে তৃণমূল সাংসদ সভাস্থল থেকে রওনা হওয়ার পরেই নজরে আসে এই আগুন।

    তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংয়ের সমর্থনে এদিন নির্বাচনী প্রচারে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, নির্দিষ্ট সময়ে মঞ্চে উঠে বক্তব্য রাখেন অভিষেক। প্রায় মিনিট চল্লিশ পরে মঞ্চ ছাড়েন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, তার পরেই আচমকা মঞ্চের এক কোণের উপরের অংশে আগুন জ্বলতে দেখা যায়। তৃণমূলের পতাকায় মোড়া মঞ্চের সাজসজ্জার ফাঁক দিয়ে নজরে আসে আগুনের শিখা। সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ধোঁয়ায় ভরে যায় ওই এলাকা। জরুরি অবস্থায় ডিউটিতে থাকা দমকল কর্মীরা ছুটে আসেন। তাঁদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন।

    প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড। মঞ্চের থামে জড়ানো বৈদ্যুতিন তার জ্বলে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো হাই-প্রোফাইল ব্যক্তিত্বের উপস্থিতির কারণে সেখানে ছিল কড়া নিরাপত্তা। সেখানে এ ভাবে আগুন লেগে যাওয়াতেই ছড়ায় চাঞ্চল্য। যদিও আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসায় কোনও বিপদ ঘটেনি।

  • Link to this news (এই সময়)