কালবৈশাখীর তাণ্ডব! গাছের ডাল ভেঙে মৃত্যু কনস্টেবলের
আজকাল | ২৮ মার্চ ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: কালবৈশাখীর ভয়াবহ তাণ্ডবে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল পশ্চিম মেদিনীপুর। শুক্রবার রাতে ঝড়বৃষ্টির দাপটে গাছের ডাল ভেঙে পুলিশের গাড়ির উপর পড়ে মৃত্যু হল এক কনস্টেবলের। আহত হয়েছেন আরও তিনজন পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে গুড়গুড়িপাল থানা এলাকার জঙ্গল সংলগ্ন অঞ্চলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কনস্টেবলের নাম সন্তোষ ছেত্রী (৫৯)। তাঁর বাড়ি মেদিনীপুর শহরের নেপালিপাড়া এলাকায়। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ আচমকাই শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাত। ঝড়ের তীব্রতায় বিভিন্ন জায়গায় গাছের ডাল, প্যান্ডেল ও তোরণ ভেঙে পড়তে থাকে। এই সময় গুড়গুড়িপাল থানা এলাকায় কর্তব্যরত একটি পুলিশের গাড়ির উপর আচমকাই ভেঙে পড়ে একটি বড় গাছের ডাল। গাড়িতে থাকা চার জন পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হন। দ্রুত তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা সন্তোষ ছেত্রীকে মৃত বলে ঘোষণা করেন। আহত বাকি তিন জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা এবং অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) সৌতম ব্যানার্জি। তাঁরা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিস্থিতির উপর নজর রাখেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে। কালবৈশাখীর তাণ্ডব যে কতটা ভয়াবহ হতে পারে, এই দুর্ঘটনা ফের একবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
এদিকে, পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের গঙ্গারামচক এলাকায় ঝড়–বৃষ্টির দাপটে একটি বিশাল গাছ ভেঙে সোজা একটি বসতবাড়ির উপর আছড়ে পড়ে। সেই সময় বাড়ির ভিতরে থাকা তিনজনই গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযানে নামে। বেশ কিছু সময়ের চেষ্টায় গাছের নিচ থেকে আহতদের উদ্ধার করে দ্রুত ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে বাড়ির ছেলে সুমন রানা গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা তাঁর অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন। প্রবল ঝড়ে বাড়ির একাংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত ভাঙা গাছ সরানোর কাজ চলছে। প্রশাসনের তরফে পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্থানীয়দের দাবি, কালবৈশাখীর এই তাণ্ডবে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ ঝড়ের তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা অঞ্চলে। এ বিষয়ে ডেবরা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রিয়ব্রত রাঢ়ী জানিয়েছেন, ‘আমরা খবর পাওয়ার পর এলাকার সমস্ত পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি বিষয়টির উপর নজরে রাখার জন্য। পাশাপাশি এরকম কোনও ঘটনা ঘটলে তড়িঘড়ি প্রশাসনকে জানানোর জন্য।’ তিনি আরও জানান, খবর পাওয়ার পর ব্লক স্বাস্থ্য আধিকারিককে বিষয়টি জানানো হয়েছে। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সরকারের তরফে সমস্ত রকম সহযোগিতা করা হবে।