রিষড়ায় শুরু হচ্ছে রেলের আন্ডারপাসের শেষ পর্যায়ের কাজ। তার জন্য ধাক্কা লাগছে ওই রুটের ট্রেন চলাচলে। আন্ডারপাসের কাজের জন্য পাওয়ার অফ থাকায় চলবে না ট্রেন। শনিবার রাত ১০টা ৪০ থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। পূর্ব রেলের তরফে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আন্ডারপাসের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শনিবার রাত ১০টা ৪০ থেকে রবিবার সকাল সাতটা পর্যন্ত ট্রেন যে বন্ধ থাকবে, সেটা আগেই বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব রেলের সূত্রে জানিয়ে দেওয়া হয়েছিল। যাত্রীদের জানানোর জন্য ওই রুটের প্রতিটি স্টেশনেই চলছে মাইকিং। ট্রেন চলাচল বন্ধ থাকায় বেশ কিছু রুটে রাতের ট্রেন বাতিল থাকবে।
এই রুটগুলিতে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। সাধারণত সপ্তাহান্ত হওয়ায় শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত যাত্রীর সংখ্যা কম থাকলেও, ভোগান্তি এড়ানো যাবে না।
রিষড়া শহরের পূর্ব ও পশ্চিম পাড়ের মধ্যে যাতায়াতের জন্য একটি রেলগেট আছে। স্টেশনের সামনে সেই রেলগেট পার হতে গিয়ে রোজই ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীদের। একবার গেট পড়ে গেলে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় বাসিন্দাদের। ২০০৯ সালে রিষড়া আন্ডারপাসের ঘোষণা করেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বেশ কয়েক বছর ধরেই রিষড়া আন্ডারপাসের কাজ চলছিল। রেল সূত্রের খবর, এ বছর সেই আন্ডারপাস চালু হয়ে যাবে।