• ‘১টি মিথ্যে রোজ ১০ বার বলো... এটাই ওঁদের নীতি’, শাহের চার্জশিটের পাল্টা তৃণমূলের
    এই সময় | ২৮ মার্চ ২০২৬
  • বিজেপির চার্জশিট-এর পাল্টা চার্জশিট তৃণমূলের। পহেলগাম কাণ্ড, মণিপুরের সংঘর্ষ থেকে শুরু করে সংসদে স্মোক বম্ব হামলা এবং লালকেল্লার কাছে বোমা বিস্ফোরণে ঘটনার প্রসঙ্গ তুলে বিজেপি এবং অমিত শাহকে তোপ তৃণমূলের।

    বাংলার প্রশাসনকে কাঠগড়ায় তুলে লাগাতার আক্রমণ শানিয়েছে বিজেপি। শনিবার, কলকাতায় ৪০ পাতার চার্জশিট তুলে ধরে তৃণমূলকে তোপ দাগেন অমিত শাহ। সেখানে দুর্নীতি, নিরাপত্তা, নারী সুরক্ষা থেকে শুরু অর্থনৈতিক বিষয়ে বাংলার ব্যর্থতা তুলে ধরে তোপ দাগা হয়েছে তৃণমূল সরকারকে। তার পাল্টা সাংবাদিক সম্মেলনে অমিত শাহকে তুলোধনা করল তৃণমূল। তৃণমূল সাংসদ কীর্তি আজাদ, মহুয়া মৈত্র এবং রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ওই সাংবাদিক সম্মেলনে এক-একটি প্রসঙ্গ তুলে নিশানা করেছে অমিত শাহ এবং বিজেপিকে।

    এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘ভিক্টিম কার্ড’ খেলার অভিযোগ করেছেন অমিত শাহ। তা নিয়ে পাল্টা তোপ দেগেছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর সঙ্গে লড়াইয়ে না পেরে, নীচ মনোভাব দেখিয়েছে বিজেপি। তৃণমূলের হুঁশিয়ারি, ‘বাংলা কখনও মহিলাদের উপর অত্যাচারীদের ক্ষমা করেনি। বাংলা ব্যালট বাক্সে এই অপমানের জবাব দেবে।’

    বিজেপি বারবার অভিযোগ করেছে পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয়েছে। তৃণমূলের প্রশ্ন, বিএসএফ কেন্দ্রের হাতে। কেন্দ্রের হাতে একাধিক তদন্তকারী সংস্থা রয়েছে। তা সত্ত্বেও কেন এতগুলি বছরেও অনুপ্রবেশকারী ধরতে পারল না বিজেপি। তৃণমূল সাংসদ কীর্তি আজাদের তোপ, ‘অনুপ্রবেশকারীদের কথা বলে বিজেপি, কিন্তু এতদিনে ২ হাজারের বেশি অনুপ্রবেশকারীকে ধরতে পারেনি বলে অভিযোগ। এর চেয়ে মনমোহন সিংয়ের আমলে অনেক বেশি অনুপ্রবেশকারীকে ধরা হয়েছিল।’ পহেলগাম হামলা নিয়ে তোপ দেগেছেন মহুয়া মৈত্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নজরদারিতে কী ভাবে জঙ্গিরা ঢুকে পর্যটকদের মারল, তার উত্তর মেলেনি বলে তৃণমূলের সাংসদের অভিযোগ। লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনাও অমিত শাহের ব্যর্থতা বলে অভিযোগ করেছে তৃণমূল।

    নারী সুরক্ষা নিয়ে বিজেপির অভিযোগ ওড়াতে ncrb-র তথ্যকে হাতিয়ার করেছে তৃণমূল। নারীদের উপর অত্যাচার, ধর্ষণ, পণের জন্য অত্যাচারের মতো ঘটনায় দেশের মধ্যে প্রথম তিনে যে যে রাজ্য রয়েছে, সেগুলি বিজেপি শাসিত বলে তোপ তৃণমূলের। বাংলার আনা অপরাজিতা বিল পাশ করতে দিচ্ছে না কেন্দ্রের বিজেপি সরকার, এটাও মনে করিয়ে দিয়েছে তৃণমূল। বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনা নিয়েও সরব হয়েছে তৃণমূল। জোড়াফুল শিবিরের অভিযোগ, বাঙালি পরিয়ায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার বা খুন করা হয়েছে, আবার সেই বাংলাতেই ভোট চাইতে আসছে বিজেপি। বিজেপি বাঙালি মনীষীদের লাগাতার অপমান করেছে বলেও অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে।

    তৃণমূলের অভিযোগ, ভারতের অর্থনীতির হাল খারাপ করেছে বিজেপি। মোদীর প্রধানমন্ত্রীত্বে ভারতের ঋণ বেড়েছে বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে। SIR দুর্ভোগ নিয়েও নিশানা করা হয়েছে শাহ-মোদীকে। মহুয়া মৈত্র, কীর্তি আজাদরা বলেন, ‘আপনার সরকার নাগরিকদের লাইনে দাঁড় করিয়ে নাগরিকত্বের প্রমাণ চায়, আমাদের সরকার লাইনে দাঁড় করিয়ে পরিষেবা দেয়।’ তার সঙ্গেই কীর্তির তোপ, ‘১টি মিথ্যে রোজ ১০ বার করে বলো...বারবার বলে যাও। এটাই নীতি মোদী-শাহর।’

  • Link to this news (এই সময়)