• ‘মমতাদিদি সব সময়ে ভিক্টিম কার্ডের রাজনীতি করেন’, কলকাতায় বসেই বললেন শাহ
    এই সময় | ২৮ মার্চ ২০২৬
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার কলকাতায় বসেই শাহ দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়েই ‘ভিক্টিম কার্ড’ খেলেন। তবে সে সব এখন বাংলার মানুষ ধরে ফেলেছেন। এ দিন তৃণমূলের ১৫ বছরের সরকারের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ করেন অমিত শাহ। নারী নিরাপত্তা থেকে অনুপ্রবেশ, SIR, দুর্নীতি-কেলেঙ্কারি-সহ একাধিক ইস্যুর উল্লেখ রয়েছে সেই চার্জশিটে।

    অমিত শাহ বলেন, ‘মমতাদিদি সব সময়ে ভিক্টিম কার্ডের রাজনীতি করেন। কখনও পা ভেঙে ফেলেন, কখনও মাথায় পট্টি বেঁধে নেন, কখনও অসুস্থ হয়ে পড়েন, কখনও নির্বাচন কমিশনের সামনে বেচারা হয়ে কমিশনকে দোষারোপ করেন। মমতাদিদি আপনাকে বলতে এসেছি যে, আপনার এই ভিক্টিম কার্ডের রাজনীতিকে বাংলার মানুষ এখন খুব ভালো করে বুঝে গিয়েছেন। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থাকে গালিগালাজ করাটা বাংলার সংস্কৃতিতে শোভা পায় না।’

    এ বার বাংলায় বিজেপিই ক্ষমতা আসছে এবং ক্ষমতায় এলে কোনও রকম দুর্নীতি, অপরাধ রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দেন শাহ। পরিসংখ্যান তুলে জানান, এ রাজ্যে মহিলারা নিরাপদ নন। শাহি-হুঁশিয়ারি, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে পাতাল থেকে অপরাধীদের খুঁজে বার করা হবে।

    যদিও মমতার বিরুদ্ধে ভিক্টিম কার্ড খেলার অভিযোগের পাল্টা তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে লড়াইয়ে না পেরে, নীচ মনোভাব দেখিয়েছে বিজেপি। তৃণমূলের হুঁশিয়ারি, ‘বাংলা কখনও মহিলাদের উপর অত্যাচারীদের ক্ষমা করেনি। বাংলা ব্যালট বাক্সে এই অপমানের জবাব দেবে।’

  • Link to this news (এই সময়)