অবাধ ও ভয়হীন ভোট পরিচালনার জন্য রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। নজিরবিহীন ভাবে এ বারের দুই দফা বিধানসভা নির্বাচনের প্রতিটি দফায় প্রায় ২ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের প্রায় একমাস আগে থেকেই জেলায় জেলায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। এ বার কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ানকে দেখা গেল বীরভূমের সিউড়ির তৃণমূল পার্টি অফিসে ক্যারাম খেলতে। সম্প্রতি এই সংক্রান্ত একটি ভিডিয়ো (যাচাই করেনি এই সময় অনলাইন) যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োতে দেখা যায়, সিউড়ির জেলা তৃণমূল কার্যালয়ের ভিতরে ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিষয়টি নিয়ে বিজেপির সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘অত্যন্ত হতাশাজনক ও নিন্দাজনক ঘটনা। যেখানে কেন্দ্রীয় বাহিনীর কাজ ভীত-সন্ত্রস্ত ভোটারদের পাশে দাঁড়ানো, সেখানে সেটা না করে তৃণমূল পার্টি অফিসের ভিতরে ক্যারাম খেলছেন। আমরা ইতিমধ্যেই বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছি।’
বিজেপির অভিযোগ, সেনাবাহিনীর জওয়ানকে এ সব করতে সাহায্য করছে স্থানীয় থানার পুলিশ। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। ঘটনা প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘আসলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই জায়গাটাকে সবচেয়ে বেশি নিরাপদ ভেবেছে তাই সেখানে ক্যারাম খেলছিল।’
উল্লেখ্য, গত ২৫ মার্চ কর্তব্যে গাফিলতির জন্য সাত জন জওয়ানের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। অভিযোগ, মুর্শিদাবাদের নিমতিতা এলাকায় তৃণমূল নেতার সঙ্গে ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন কয়েকজন জওয়ান। সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। পৃথক ভাবে সাত জনের বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ করা হয়।