• প্রার্থী পরিবর্তনের দাবিতে ফের বিক্ষোভ বিজেপির
    আজকাল | ২৯ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ফের প্রার্থী পরিবর্তন নিয়ে বিক্ষোভ সল্টলেকে রাজ্য বিজেপির দপ্তরে। এবার চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহকে পরিবর্তনের দাবি তুলে বিক্ষোভ দেখালেন কর্মীরা।

    শনিবার চন্দননগরের বিজেপি প্রার্থীকে পরিবর্তনের দাবিতে কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান। এদিন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সামনেই বিজেপি দপ্তরে বিক্ষোভ চলে। ‘দীপাঞ্জন গুহকে বয়কট করুন’ লেখা পোস্টার কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা।

    দীপাঞ্জন গুহুর পরিবর্তে চন্দননগর বিধানসভার ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে এই দাবিও তোলেন বিজেপি কর্মীরা। উল্লেখ্য, এর আগে চন্দননগরের জ্যোতির মোড়ে জমায়েত করেও বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন।

    জানা গিয়েছে, দীপাঞ্জন প্রার্থী হলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করার পরিকল্পনা আগে থেকেই ছিল একদল দলীয় কর্মীদের। কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন থাকায় রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়েই বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা।

    বিজেপি কর্মীদের অভিযোগ, গত বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর আর দীপাঞ্জন গুহকে চন্দননগরের আশেপাশেও কখনও দেখা যায়নি। বিজেপি কর্মীদের বিপদে আপদে কখনওই তাঁকে পাশে পাওয়া যায়নি। প্রার্থী পরিযায়ী পাখি, শুধু মাত্র ভোটের সময় আসেন।

    বিক্ষোভকারী বিজেপি কর্মীদের বক্তব্য চন্দননগর দীপাঞ্জনকে চায় না। বুধবার রাতে প্রার্থীর নাম ঘোষণার পরই রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিজেপি প্রার্থী বিরোধী বিক্ষোভ শুরু হয়।

    পুলিশি তৎপরতায় রাতে বিক্ষোভ কিছুটা প্রশমিত হলেও, সকালে আবারও বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা। ঘেরাও অবরোধ করে জিটি রোডে জ্যোতির মোড় অঞ্চল। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে অবরোধ তুলে দেয়।

    কিন্তু রাস্তার দুপাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে। চন্দননগর কর্পোরেশনের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল বলেন, ‘বিজেপির যেই প্রার্থী হোক এই অবস্থাই হত, এটা আগে থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছিল। কারণ ওরা বাংলার রাজনৈতিক দল নয়। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সঙ্গে থাকে। নির্বাচন একটা প্রক্রিয়া। আর বিজেপিকে সারা বছর দূরের কথা কখনওই খুঁজে পাওয়া যায় না। শুধু মাত্র ভোটের সময় দেখা যায়।’
  • Link to this news (আজকাল)