ভোট প্রচারে অভিনবত্বের কোনও শেষ নেই এ রাজ্যে। এ বার টোটো চালকের ভূমিকায় দেখা গেল দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহাকে। কয়েক দিন আগে এক ব্যক্তির দাড়ি কেটে দিয়ে তিনি শোরগোল ফেলেছিলেন। শনিবার পাঁচড়া পঞ্চায়েতের জুনিদপুর গ্রামে টোটো চালিয়ে জনসংযোগ সারেন বিজেপি প্রার্থী।
অন্যদিকে, একই দিন লাভপুরে সভা করতে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন সভামঞ্চ থেকে বিজেপির এই প্রার্থীর বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছেন অভিষেক।
এ দিন অভিষেক বলেন, ‘এখন দেখছি বিজেপির প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে লোকেদের দাড়ি-চুল কেটে দিচ্ছে। মায়েদের বলছি, বিজেপি প্রার্থীরা বাড়ি এলে হাতে ঝাঁটা ধরিয়ে ঘর পরিষ্কার করিয়ে নেবেন। কারণ ভোটের এক মাস পরে আর এদের কাউকে খুঁজে পাওয়া যাবে না।’
বিজেপি প্রার্থীর দাড়ি কেটে দেওয়া নিয়েও এ দিন তীব্র কটাক্ষ করেছেন অভিষেক। তিনি এলাকার পুরুষদের পরামর্শ দিয়েছেন বিজেপির নেতা-কর্মীদের দিয়ে চুল দাড়ি কাটিয়ে নেবার।