• হুডখোলা গাড়িতে শুভেচ্ছা বিনিময়, প্রচারে শওকতের বিরুদ্ধে হুঙ্কার আরাবুলের
    এই সময় | ২৯ মার্চ ২০২৬
  • এই সময়, জীবনতলা: শওকত মোল্লার গড় বলে পরিচিত জীবনতলা এলাকায় শনিবার প্রচার সারলেন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। এ দিন ক্যানিংয়ের মিলন বাজার থেকে আরাবুলের প্রচার মিছিল শুরু হয়। সিংহেশ্বর বাজার, বেহুলাবাড়ি বাজার, এবং কালিকাতলা বাজারে গিয়ে সেটা শেষ হয়। হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে পথচলতি মানুষজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁর সঙ্গে ছিলেন আইএসএফের কর্মী-সমর্থকরা।

    আরাবুলের দাবি, দীর্ঘদিন বাদে ক্যানিং পূর্ব কেন্দ্রে কোনও বিরোধী প্রার্থী প্রচার করল। তিনি বলেন, 'ক্যানিং পূর্বে কেউ ভোটের প্রচার করতে পারত না, সেটাই আমি করে দেখালাম। প্রথম দিন যখন আমি চন্দনেশ্বরে প্রচার শুরু করেছিলাম তখনই ওর (পড়ুন শওকত) ঘুম উড়ে গিয়েছিল। আজকের মিছিলে জনজোয়ার দেখে নতুন করে আবার ঘুম উড়ে যাবে শওকত মোল্লার। ক্যানিং পূর্ব কেন্দ্রের মানুষ আইএসএফকে চাইছে। আমার জয় শুধু সময়ের অপেক্ষা।'

    শওকত মোল্লা বলেন, 'ক্যানিংয়ে কোনও দিনই কাউকে প্রচারে বাধা দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের কাছে তেমন কোনও অভিযোগ ও এতদিন ধরে কেউ করেনি। গোটা কয়েক চোর, ডাকাত, খুনিকে নিয়ে মিছিল করছে আরাবুল ইসলাম।'

    আরাবুলের অভিযোগ, ভাঙড়ের বিভিন্ন রিয়েল এস্টেট ব্যবসায়ীদের কাছ থেকে বেআইনি ভাবে কোটি কোটি টাকা নিয়েছেন শওকত মোল্লা। সেই টাকায় প্রচুর বোমা, বারুদ, আগ্নেয়াস্ত্র ভাঙড়ে ঢোকানো হচ্ছে। এই মর্মে নির্বাচন কমিশন এবং সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। এ ব্যাপারে শওকতের প্রতিক্রিয়া মেলেনি।

  • Link to this news (এই সময়)