কোটা: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২০০ বিঘা জমির গম। ফসল কাটার মরশুমে মাথায় হাত রাজস্থানের কোটা জেলার বহু কৃষকের। জানা যাচ্ছে, শুক্রবার সকাল ১১টা নাগাদ সুলতানপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঝোড়ো হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একের পর এক চাষের জমিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। কৃষিজমিতে এতোবড়ো অগ্নিকাণ্ড এর আগে কখনো হয়নি বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ক্ষতিগ্রস্ত কৃষক জগদীশ মীনার আক্ষেপ, ‘৫০ বিঘা জমিতে গম ফলিয়েছিলাম। কয়েকদিনের মধ্যেই ফসল কাটার পরিকল্পনা ছিল। তার আগেই সব আগুনের গ্রাসে চলে গেল।’ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জগদীশ। মহাবীর নামের আর এক কৃষক বলেছেন, ‘৩-৪ লক্ষ টাকার ক্ষতি হল। ফসল কাটার পর তা খেতেই ফেলে রাখা হয়েছিল। সব পুড়ে ছাই হয়ে গিয়েছে।’
ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন কৃষকরা। তাদের দাবি, আগুন দ্রুত ছড়িয়ে পড়া সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সময়মতো পৌঁছয়নি দমকল। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করতেও গড়িমসি হয়েছে বলে অভিযোগ। প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি তুলেছেন কৃষকরা। কৃষকদের দাবি, ঝোড়ো হাওয়ার কারণে বিদ্যুতের ট্রান্সফরমারের তারে আগুনের ফুলকি দেখা গিয়েছিল। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে থাকতে পারে।