• ৩১ মার্চের মধ্যেই মাওবাদী মুক্ত ভারত, কালই কি ঘোষণা
    বর্তমান | ২৯ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মাওবাদীমুক্ত ভারত হতে আর ৪৮ ঘন্টা বাকি। রেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, ৩১ মার্চের মধ্যে ভারত হবে নকশালবাদমুক্ত। শুক্রবারও তিনি সংসদে ফের একই মন্তব্য করেছেন। এই প্রেক্ষিতেই আগামীকাল সোমবার লোকসভায় হবে নকশাল সমস্যা এবং ভারত সরকারের ভূমিকা সংক্রান্ত আলোচনা। প্রশ্ন উঠছে তাহলে কি আগামীকাল সংসদ থেকেই সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে যে, ভারত এপ্রিল মাস থেকে নকশাল সমস্যামুক্ত দেশ হচ্ছে? এরকমই দাবি সরকারের। সরকারের দাবি, ১৭ মার্চ পর্যন্ত যে মাওবাদী নেতারা ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশে ছিল, তারাও আত্মসমর্পণ করেছে বা ধরা পড়েছে।

    স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, দক্ষিণ দন্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির অন্তর্গত আর কোনো ইউনিট এখন আর সক্রিয় নেই। বিজাপুর জেলার একঝাঁক মাওবাদী নেতা-কর্মী চলতি সপ্তাহে অস্ত্রশস্ত্র সহ আত্মসমর্পণ করেছে। কেন্দ্রীয় আধা অসামরিক বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট দিয়েছে যে, এই প্রথম ছত্তিশগড়ের দন্ডকারণ্য জোনাল কমিটি নেতাহীন। সম্পূর্ণ দিশাহীন হওয়ায় বস্তার, দান্তেওয়াড়া, বিজাপুর, সুকমা, নারায়ণগড় এবং মহারাষ্ট্রের গড়চিড়ৌলি থেকে সংবাদ আসছে যে, মাওবাদীদের কোনও ইউনিট আর অবশিষ্ট নেই। দক্ষিণ দন্ডকারণ্য জোনাল কমিটির প্রধান কমান্ডার পাপ্পা রাও ১৭ মার্চ শতাধিক মাওবাদী সদস্য নিয়ে আত্মসমর্পণ করেছে। এই আবহেই সংসদে তাই আত্মবিশ্বাসী কেন্দ্র ঘোষণা করেছে যে, আগে যেরকম বলা হয়েছিল, তাতেই সরকার অনবড় রয়েছে। অর্থাৎ ৩১ মার্চের মধ্যে সমাপ্ত হচ্ছে মাওবাদী সমস্যা। পয়লা এপ্রিল থেকে ভারত হবে নকশালমুক্ত।

    ১৯৩ নং ধারায় লোকসভায় আলোচনা হবে আগামীকাল সোমবার। শিবসেনা এমপি শ্রীকান্ত সিন্ধে এই মর্মে নোটিস জমা দিচ্ছেন। তারপর সরকারের পক্ষ থেকে জবাবী ভাষণ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই তিনি ওই ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)