• মহিলাদের ২৫০০ টাকা ভোট প্রতিশ্রুতি বিজেপির, বছর ঘুরলেও অধরা দিল্লিতে
    বর্তমান | ২৯ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘ভোটের আগে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিশ্রুতি বিশ্বাস করবেন না। বিজেপির প্রতিশ্রুতি মানেই জুমলা। গরিব মানুষের সঙ্গে ধোঁকা!’ পাঁচ রাজ্যের ভোটের আগে এমনই অভিযোগ তুলল আম আদমি পার্টি (আপ)। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী আতিশী বলেছেন, দিল্লিতে বিজেপি সরকার গঠনের পর এক বছর তিন মাস কেটে গিয়েছে। কিন্তু এখনও দিল্লির মহিলাদের ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করেনি তারা। অথচ সেই প্রতিশ্রুতি ঘোষণা করেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদি। 

    ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে একটানা দিল্লির বিধানসভা ভোটের নির্বাচনি প্রচারের সভা-সমাবেশে প্রধানমন্ত্রী বলেছিলেন যে, ‘আমরা সরকারে এলেই দিল্লির সব মহিলা পাবে ২৫০০ টাকা করে মাসিক আর্থিক সহায়তা।’ কিন্তু বাস্তবে গত বছরের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে সরকারে এসেই ভোল পালটায় বিজেপি। বলে, সকল মহিলা পাবে না। শুধু দরিদ্র মহিলাদের দেওয়া হবে। তারও আবার নানাবিধ শর্ত আছে। আম আদমি পার্টির অভিযোগ, সেই ঘোষণার পরও এক বছর পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত দিল্লির মহিলারা এক পয়সা পেল না। এমনকি তাতেও বিজেপি ও মোদির জুমলা সমাপ্ত হচ্ছে না বলে আতিশির তোপ। তিনি বলেন, ‘এবছরই বিজেপি বলেছিল, ৮ মার্চ নারী দিবসেই ওই মহিলা সমৃদ্ধি যোজনা চালু করা হবে। ৮ মার্চ চলে গেল। অথচ বিজেপির প্রতিশ্রুতি পালন করা হল না। 

    আতিশির অভিযোগের উত্তরে দিল্লির বিজেপি সরকার অবশ্য জানিয়েছে, মন্ত্রিসভার বৈঠক হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তি জারি হচ্ছে শীঘ্রই। আশা করা যায়, আগামী মাস থেকেই দিল্লির মহিলারা ওই টাকা পাবে। পালটা আপের প্রশ্ন, স্বয়ং প্রধানমন্ত্রী বলেছিলেন যে ক্ষমতাসীন হওয়ার পরের মাস থেকেই মিলবে অনুদানের টাকা। এই এক বছরের টাকাও কি দিল্লিবাসী মহিলারা পাবে? নাকি বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে নানারকম বিলম্ব করে টাকা বাঁচিয়ে নিচ্ছে? আতিশি বলেছেন, ‘আবার বিভিন্ন রাজ্যে ভোট আসছে। বিজেপি নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী নানারকম প্রতিশ্রুতি দিচ্ছেন। দিল্লি ভারতের রাজধানী। সেখানেই প্রতিশ্রুতি পালন করছে না বিজেপি। সব মহিলাকে আর্থিক সহায়তা দেওয়া হবে ভোটের আগে জানিয়ে, ক্ষমতা পেয়েই পিছু হটেছে। তাই বিজেপির প্রতিশ্রুতিতে বিভ্রান্ত যেন না হয় ভোটাররা। বিজেপিকে বিশ্বাস করলে প্রতারিত হতে হবে।’
  • Link to this news (বর্তমান)