সান্দাকফুতে তুষারপাত, টুংলুতে মৃত্যু হল কলকাতার পর্যটকের
বর্তমান | ২৯ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: পশ্চিমী ঝঞ্ঝার লাগাতার ধাক্কায় দার্জিলিং ও পার্শ্ববর্তী রাজ্য সিকিমে ভারী মাত্রায় তুষারপাত হচ্ছে। শুক্রবার দিনভর সিকিমের বেশ কিছু জায়গা ঢেকে গিয়েছিল তুষারের চাদরে। শনিবার সকালে বরফে ঢাকে সান্দাকফু। সাদা বরফের চাদরে মোড়া বাড়িঘর, গাড়ি, রাস্তাঘাট অপার্থিব সৌন্দর্য তৈরি করেছে এলাকাজুড়ে। অন্যদিকে সান্দাকফুতে যাওয়া এক পর্যটকের মৃত্যু হয়েছে। জিটিএ’র ভাইস চেয়ারম্যান রাজেশ চৌহান জানান, মৃতের নাম ইমরান আলি (৩৯)। তাঁর বাড়ি কলকাতার চৌরঙ্গীতে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী ৩ থেকে ৪ দিন বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের কারণে পশ্চিমী ঝঞ্ঝা দার্জিলিংয়ে ঢুকবে। তার ফলে ফের তুষারপাতের সম্ভাবনা। একইসঙ্গে কালবৈশাখী মরশুমে আরও কয়েক দফায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনাও আছে। প্রশাসন সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রধান অরিন্দম বসাক বলেন, ‘পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এই অঞ্চলে তৈরি হয়েছে। সে কারণে পাহাড়ের উঁচু অংশে তুষারপাত হচ্ছে। সমতলেও শুরু হয়েছে বৃষ্টি। আগামী কয়েকদিন এমন আবহাওয়াই থাকার সম্ভাবনা।’
দার্জিলিং জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সান্দাকফুতে তুষারপাতের কারণে পর্যটকদের সাবধানতা অবলম্বন করে যাতায়াত করার নির্দেশ দেওয়া হয়েছে। গত সপ্তাহে দু’দিন ওই এলাকায় যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বর্তমানে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও টুরিস্ট গাইড, ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন এবং প্রশাসনের সবস্তরের আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের কারও স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থাকলে সান্দাকফু যাওয়া নিষেধ। রাস্তায় জমে থাকা তুষার সরানোর কাজে গতি আনার নির্দেশও দিয়েছে প্রশাসন। দার্জিলিংয়ের জেলাশাসক হরিশংকর পানিক্কর বলেন, ‘আমরা সমস্ত বিষয়ে নজর রাখছি। বিভিন্ন বিভাগের আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।’
জিটিএ সূত্রে জানা গিয়েছে, ইমরান আলি ও রোহিত শেখর নামে দুই পর্যটক সান্দাকফু গিয়েছিলেন। ২৪ মার্চ রাতে তাঁরা শিলিগুড়ি পৌঁছন। পরেরদিন মানেভঞ্জনে একরাত কাটিয়ে ২৬ মার্চ সকালে যান টুংলু। তাঁদের পরিকল্পনা ছিল সেখানে দু’রাত কাটিয়ে সান্দাকফু যাওয়ার। শনিবার সকালে রোহিত ঘুম থেকে তুলতে যান ইমরানকে। দেখেন ইমরান সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন। সিঙ্গালিলা ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা ইমরানকে সুখিয়াপোখরি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান। জিটিএ’র ভাইস চেয়ারম্যান বলেন, ‘রবিবার দেহ দার্জিলিং থেকে কলকাতায়