আগামী ৩১ মার্চ করণদিঘিতে অভিষেকের সভা, জোর প্রস্তুতি, ৪২ হাজার লোক আনতে ৬ হাজার টোটো ভাড়া
বর্তমান | ২৯ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ভোট ঘোষণার পর এই প্রথম উত্তর দিনাজপুর জেলায় জনসভা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী ৩১ মার্চ নির্ধারিত সেই সভার প্রস্তুতি শুরু হয়েছে করণদিঘির কিষান মান্ডি মাঠে। যা নিয়ে এখন থেকেই উচ্ছ্বসিত জেলার তৃণমূল নেতাকর্মীরা। তাঁদের বক্তব্য, এখন থেকে জোর প্রস্তুতি চলছে। দলীয়ভাবে কর্মী, সমর্থকদের সেই সভায় হাজির করাতে জনসংযোগ শুরু করেছে নেতৃত্ব। মাঠে মূল মঞ্চ তৈরির কাজও জোরকদমে শুরু হয়েছে। সভামঞ্চের পাশেই ইট দিয়ে তৈরি হচ্ছে হেলিপ্যাড।
জেলা তৃণমূল সূত্রে খবর, ভোট প্রচারে জেলায় এই প্রথম তৃণমূলের তারকা প্রচার নিয়ে এখন থেকেই তোড়জোড় শুরু হয়েছে। অন্তত ৪২ হাজার কর্মী সমর্থককে গ্রামাঞ্চল থেকে সভায় আনতে ৬ হাজার টোটো ভাড়া করা হয়েছে। এছাড়াও প্রাইভেট গাড়ি, বাইক সহ বিভিন্ন ধরনের গাড়ির ব্যবস্থা করা হয়েছে। করণদিঘির তৃণমূল প্রার্থী গৌতম পালের বক্তব্য, আমাদের সৌভাগ্য জেলায় প্রথম করণদিঘি বিধানসভাতেই সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার বিধানসভা জেলার মধ্যবর্তী স্থানে। এবং এই বিধানসভায় তৃণমূল রেকর্ড মার্জিনে জয়যুক্ত হবে।
গৌতম বলেছেন, আমরা ইতিমধ্যে ৬ হাজার টোটো ভাড়া করেছি। যাতে কর্মী সমর্থকরা সভায় হাজির হতে পারেন। এদিকে মাঠের পাহারায় এখন থেকেই পুলিশ মোতায়েন হয়েছে।
এদিকে অভিষেকের সভায় রেকর্ড জমায়েতের লক্ষ্যে কয়েক দিনে করণদিঘি ও পার্শ্ববর্তী বিধানসভা এলাকার প্রায় প্রতি প্রান্তেই মিটিং, মিছিল করেছে তৃণমূল। করণদিঘি ব্লক থেকেই সব থেকে বেশি জমায়েত হওয়ার কথা। দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের দাবি, শতাধিক মিটিং, মিছিল হয়েছে। মানুষ মনেপ্রাণে সভায় আসার জন্য মুখিয়ে রয়েছেন।