• ফ্লাইং স্কোয়াড টিমের সব গাড়িতে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলের ক্যামেরা
    বর্তমান | ২৯ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: ফ্লাইং স্কোয়াড টিমের(এফএসটি) গাড়ির উপর ১৮০ডিগ্রি অ্যাঙ্গেলের ক্যামেরা বসানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। সেইমতো শনিবার তমলুকে পূর্ব মেদিনীপুর জেলাশাসক অফিসে ১৬টি বিধানসভা থেকে আসা ফ্লাইং স্কোয়াড টিমের গাড়িতে লাগানো হল ওই ক্যামেরা। এর আগে এফএসটির গাড়িতে জিপিএস সিস্টেম কার্যকর করা হলেও ১৮০ডিগ্রির ক্যামেরা এই প্রথম। প্রতিটি বিধানসভায় তিনটি করে ফ্লাইং স্কোয়াড টিমের গাড়ি রাখা বাধ্য‌তামূলক। কমিশনের গাইড লাইনেই এই নির্দেশ আসে। সেইমতো পূর্ব মেদিনীপুরে ১৬টি বিধানসভায় ৪৮টি এফএসটি টিমের গাড়ি আছে। সব গাড়ির উপরে সামনের দিকে ওই ক্যামেরা বসানো হল শনিবার।

    ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিন থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত ফ্লাইং স্কোয়াড টিম কাজ করে। নির্বাচনি বিধি ভাঙা সংক্রান্ত যে কোনও অভিযোগ এলে কিংবা তথ্য থাকলে সেখানে পৌঁছে যায় ওই গাড়ি। সরকারি বিল্ডিং, জায়গা, ইলেকট্রিক কিংবা পূর্তদপ্তরের খুঁটি থেকে রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার, হোর্ডিং, ফ্লেক্স খুলে দেয় ওই টিম। ওইসব জায়গায় দেওয়াল লিখন থাকলে মুছে ফেলা হয়। হুমকি, দুষ্কৃতীদের আনাগোনার খবর পেলে সেখানেও পৌঁছে যেতে হয় এই টিমকে। ঘুষ, মদ, আগ্নেয়াস্ত্র প্রভৃতি নিয়ে অভিযোগ কিংবা তথ্য এলেও এই টিম পৌঁছে যায়। রাজনৈতিক দলের মাধ্যমে বিপুল খরচ সংক্রান্ত কোনো অভিযোগ এলেও এফএসটি টিম যায়। কমিশনের অনুমতি নিয়ে বড় সভা, পদযাত্রায় হাজির হতে হয় এই টিমকে। ভিডিওগ্রাফি করতে হয়। প্রতিদিন অ্যাকশন টেকেন রিপোর্ট তৈরি করে অ্যাপে পাঠাতে হয়। এছাড়া, ঘুষ কিংবা নগদ টাকা উদ্ধারের ঘটনায় পুলিশ সুপারকে রিপোর্ট করতে হয়। একইসঙ্গে জেলাশাসক তথা জেলা নির্বাচনী অফিসার এবং রিটার্নিং অফিসারকে জানাতে হয়। ভোটে ফ্লাইং স্কোয়াড টিমের একটা বিরাট ভূমিকা আছে। সেই টিম যাতে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারে সেজন্য ১৮০ডিগ্রির ক্যামেরা বসানো হল গাড়িতে। শনিবার তমলুকের নিমতৌড়িতে জেলাশাসক অফিসে সারি সারি এফএসটি গাড়ি দাঁড়িয়েছিল। জেলা প্রশাসনের কর্মীরা ওই ক্যামেরা বসানোর পর কাঁথি, এগরা, হলদিয়া সহ বিভিন্ন জায়গা থেকে আসা গাড়িগুলি ফিরে যায়।
  • Link to this news (বর্তমান)