কাঠের উনুনে ডিম ভেজে গ্যাসের সংকটের প্রতিবাদে মহিলা তৃণমূল
বর্তমান | ২৯ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: শনিবারে প্রচারে বের হয়ে কেউ রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও ঘাটতির প্রতিবাদে কাঠের উনানে ডিম ভাজলেন তো কেউ বাইক চালিয়ে কর্মীদের উজ্জীবিত করেন। হ্যান্ড মাইক ফুঁকে ভোটারদের কাছে আবেদন রাখতেও দেখা গেল প্রার্থীদের।
এদিন সকালে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অনুপ মণ্ডল শহরের ছ’নম্বর ওয়ার্ডে প্রচার করেন। অনুপবাবুর প্রচারে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিকেলে তৃণমূল প্রার্থী বাঁকুড়া-২ ব্লকের মানকানালি ও বাগাতাপল এলাকায় প্রচারে যান। বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ বেলশুলিয়া গ্রামে প্রচারে যান। সেখানে তিনি বাইক র্যালি করেন। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানা বাঁকুড়া শহরের ৪ ও ২০ নম্বর ওয়ার্ডে প্রচারে যান। তিনি হ্যান্ড মাইক নিয়ে বাসিন্দাদের কাছে তাঁকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান। বড়জোড়ার বিজেপি প্রার্থী বিল্লেশ্বর সিনহা কাপিষ্টা অঞ্চলে বাড়ি, বাড়ি প্রচার সারেন। বড়জোড়ায় তিনি একটি কর্মিসভাও করেন এদিন।
বাঁকুড়ার সিপিএম প্রার্থী অভয় মুখোপাধ্যায় এদিন সকালে মোলবোনা ও কেঞ্জাকুড়ায় প্রচার করেন। বিকেলে তিনি বাঁকুড়া শহরের ১০ নম্বর ওয়ার্ডে জনসংযোগ সারেন। বড়জোড়ার বাম প্রার্থী সুজিত চক্রবর্তী বেলিয়াতোড়ে প্রচার করেন।
শনিবাসরীয় প্রচারে এলাকায় এলাকায় দাপিয়ে বেড়ালেন জঙ্গলমহলের তিন বিধানসভার শাসক থেকে বিরোধী দলের প্রার্থীরা। এদিন তালডাংরার ফুলমতি অঞ্চলের গ্রামে, গ্রামে প্রচার সারেন তালডাংরার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। ওই কেন্দ্রের সিপিএম প্রার্থী দেবকান্তি মহান্তি পাঁচমুড়া অঞ্চলের গ্রামে প্রচারে পা মেলান দলীয় কর্মীদের নিয়ে। বিজেপি প্রার্থী সৌভিক পাত্র সিমলাপালের ঝরিয়া ও বাউরিশোল গ্রামে প্রচার সারেন। এছাড়াও রাইপুরের তৃণমূল প্রার্থী সারেঙ্গার বিক্রমপুর অঞ্চলে প্রচার ও কর্মিসভা সারেন। রানিবাঁধের তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা এদিন খাতড়ার বৈদ্যনাথপুর অঞ্চলে নির্বাচনী প্রচার সারেন বাড়ি, বাড়ি গিয়ে। অন্যদিকে রানিবাঁধের বিজেপি প্রার্থী খুদিরাম টুডু ঝিলিমিলির পড়াডি হাটে সবজি বাজারে প্রচারে নিজে বাটখারা হাতে সবজি বিক্রি করলেন।
শনিবার দিনভর আরামবাগ মহকুমার প্রার্থীরা প্রচার করেন। এদিন খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায় পলাশপাই ২ অঞ্চলের হায়াতপুরে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। বিকেলে রাজহাটিতে মহিলা তৃণমূলের উদ্যোগে আয়োজিত গ্যাসের সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামেন। মহিলারা সেখানে কাঠের জ্বালানি দিয়ে উনুন জ্বেলে ডিম ভেজে প্রতিবাদ জানান। তাতে অংশ নেন প্রার্থী সহ আরামবাগের সাংসদ মিতালি বাগ প্রমুখ।
বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষও এদিন রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন। প্রচারও করেছেন বিভিন্ন বুথে। অন্যদিকে, শুক্রবার ঠাকুরানিচকের 'বিশৃঙ্খলার প্রতিবাদে তৃণমূলের বিরুদ্ধে প্রতীকী রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখান। সেখানকার আইএসএফ প্রার্থী শেখ সাদ্দাম হোসেন রামনগর বাজার সহ বিভিন্ন বুথে প্রচার সারেন।
পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ এদিন সারাটি, রসুলপুর প্রভৃতি এলাকায় প্রচার করেন। পাশাপাশি সোদপুর থেকে পশ্চিমপাড়া পর্যন্ত রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন। তৃণমূল প্রার্থী ডিহিবাতপুর, চিলাডাঙ্গি প্রভৃতি এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। সেখানকার সিপিএম প্রার্থী সন্দীপ কুমার সামন্ত শ্রীরামপুর অঞ্চলের সাঁওতা, ভুঁয়েরা, হাটি প্রভৃতি বুথে বাড়ি বাড়ি প্রচার করেন।
আরামবাগের সিপিএম প্রার্থী বীথিকা পন্ডিত প্রচার করেছেন বাতানল পঞ্চায়েত এলাকায়। তৃণমূল প্রার্থী মিতা বাগ মাধবপুর অঞ্চলের বিভিন্ন বুথে বাড়ি, বাড়ি জন সংযোগ করেন। রোড শো-ও করেন। বিজেপি প্রার্থী হেমন্ত বাগ গৌরহাটি ২, আরান্ডি ২ অঞ্চলে জন সংযোগ করেন।
অন্যদিকে, গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার পশ্চিম পাড়া অঞ্চলের বিভিন্ন গ্রামে প্রচার সারেন। সেখানকার ফব প্রার্থী মুক্তারাম ধাউড়ে বেঙ্গাই অঞ্চলে প্রচার করেন।