• মোটা ভাই জবাব চাই, পাল্টা চার্জশিট পেশ তৃণমূলের
    বর্তমান | ২৯ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোদি সরকার তথা দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে পাল্টা চার্জশিট পেশ করল তৃণমূল। আজ, শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে চার্জশিট পেশ করেন ব্রাত্য বসু, মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদরা। ১৫ পাতার এই চার্জশিটে ‘মোটা ভাই জবাব চাই’- বলে অমিত শাহকে আক্রমণ শানিয়েছেন মহুয়ারা। তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করা প্রতিটি অভিযোগই নস্যাৎ করেছে ঘাসফুল শিবির। 

    এদিন সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেন, এসআইআর আদতেই বিজেপির চক্রান্ত। অমিত শাহ চার্জশিটে যা বলেছেন তার পাল্টা উত্তর আমরা প্রস্তুত করেছি। নারী নিরাপত্তা ইস্যুতে বিজেপিকে একহাত নেন তিনি। বলেন, বিজেপিশাসিত রাজ্যগুলিতে নারীসুরক্ষার হাল একেবারে তলানিতে। মহারাষ্ট্র, রাজস্থান, উত্তপ্রদেশের অবস্থা কী? মণিপুর বছরের পর বছর ধরে জ্বলছে, বিজেপি চুপ কেন? এই বিষয়ে আপনারা কিছু বলেন না কেন? উন্নাও এবং হাথরসে কী ঘটেছে? ব্রিজভূষণদের মতো লোককে ছাড় দেওয়া হয় কেন? বিজেপির মুখে নারী সুরক্ষার কথা একেবারেই মানায় না। বাংলার বেলায় শুধু অনুপ্রবেশের বুলি। ডেমোগ্রাফি ঠিক করতে বাংলাকে কী গুজরাত বানাতে হবে? এছাড়া পহেলগাঁওতে জঙ্গি হামলা, সংসদে হামলা এবং দিল্লি বিস্ফোরণ নিয়েও সরব হন তিনি। পাশাপাশি অমিত শাহকে কটাক্ষ করে তাঁর ছবি দিয়ে একটি কার্টুনও বানানো হয়। যেখানে লেখা হয়, ‘দেশের সবচেয়ে অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী কে?’

    উল্লেখ্য, তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩৫ পাতার সেই চার্জশিটে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সীমান্তে অনুপ্রবেশ-সহ একাধিক ইস্যুতে আক্রমণ শানিয়েছিলেন। এরপর আজ বিকেলেই সেই চার্জশিটের পাল্টা দিল তৃণমূল শিবির। পেশ করা হল ঘাসফুল শিবিরের চার্জশিট। পাশাপাশি অমিত শাহের চার্জশিটকে বিজেপির চক্রান্ত বলেও তোপ দেগেছেন ব্রাত্য বসু। 
  • Link to this news (বর্তমান)