নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বৈধ সংখ্যালঘু ভোটারদের নাম কোনও কারণ না দেখিয়ে বাদ দেওয়া হয়েছে। এমন অভিযোগে শনিবার ডোমজুড়ে পথ অবরোধে শামিল হল তৃণমূল। খটিরবাজার এলাকায় আচার্য শিরিষ সরণি অবরোধ করে বিক্ষোভ দেখান দলীয় কর্মীরা। ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
অবরোধকারীদের পক্ষে মহিয়াড়ি-১ পঞ্চায়েতের সদস্য রফিকুল হালিদারের অভিযোগ, এলাকার বহু সংখ্যালঘু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। যাঁদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল, তাঁদের অনেকের নামও নেই। তাঁর দাবি, প্রায় ১৪০০ জনের নাম বিবেচনাধীন তালিকায় থাকলেও প্রায় ১২০০ জনের নাম বাদ দেওয়া হয়েছে। দ্রুত সমাধানের দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা পর অবরোধ উঠে যায়।